কিশোরগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, এলাকার কোনো তরুণ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও ভাইভায় ব্যর্থ হয়ে চাকরি না পেলে তাকে প্রয়োজনীয় সহযোগিতা করবেন তিনি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ-জনতাগঞ্জ বাজারে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফজলুর রহমান বলেন, গ্রামের অনেক ছেলে লিখিত পরীক্ষায় ভালো করেও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের উদ্দেশে তিনি বলেন, লিখিত পরীক্ষায় পাস করার পর অ্যাডমিট কার্ড নিয়ে তার কাছে গেলে চাকরির বিষয়ে সংশ্লিষ্ট জায়গায় যোগাযোগ করে সহযোগিতা করার চেষ্টা করবেন।
তিনি আরও বলেন, তার কিছু নির্দিষ্ট সামাজিক ও মানবিক কার্যক্রম রয়েছে। বিশেষ করে অসহায় কোনো ব্যক্তি বা পরিবারের সদস্য অসুস্থ হলে বিষয়টি তাকে জানাতে পারেন। প্রয়োজন হলে তাদের ঢাকায় নিয়ে গিয়ে কম খরচে চিকিৎসার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
তবে কোনো নেতাকে টাকা দিয়ে তার কাছে সুপারিশ নিয়ে এলে এবং বিষয়টি প্রমাণিত হলে সহযোগিতা করা হবে না বলে সতর্ক করেন বিএনপির এই নেতা।
জনসভায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সিনিয়র সহসভাপতি ও চেয়ারম্যান মনির উদ্দিন, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী এনামুল হক মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/এসএস