বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পুলিশ সদরদপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। আলোচনায় বাংলাদেশে অবস্থানরত রাশিয়ার নাগরিকদের নিরাপত্তা এবং দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় উঠে আসে।
বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রাশিয়ান নাগরিকদের নিরাপত্তায় বাংলাদেশ পুলিশের ভূমিকার প্রশংসা করেন রুশ রাষ্ট্রদূত। পাশাপাশি পুলিশের ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের কার্যক্রমেও সন্তোষ প্রকাশ করেন তিনি।
রাশিয়ান নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশের সহযোগিতার জন্য আইজিপিকে ধন্যবাদ জানান রাষ্ট্রদূত খোজিন। একই সঙ্গে বাংলাদেশ পুলিশের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে দুই দেশের মধ্যে প্রযুক্তিগত ও পেশাগত সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন তিনি।
রুশ রাষ্ট্রদূতের প্রস্তাবকে স্বাগত জানিয়ে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, এ ধরনের সহযোগিতা দুই দেশের পারস্পরিক সম্পর্ক এবং বাংলাদেশ পুলিশের পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে।
পুলিশের দক্ষতা ও পেশাগত মান উন্নয়নের বিষয়ে বৈঠকে বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন আইজিপি। এর মধ্যে দুই দেশের উচ্চপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নিয়মিত মতবিনিময়, আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞতা ও উত্তম চর্চা বিনিময় এবং পারস্পরিক তথ্য আদান-প্রদানের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া সাইবার নিরাপত্তাসহ আধুনিক নিরাপত্তা ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের কর্মকর্তাদের জন্য রাশিয়ায় উচ্চশিক্ষা ও বিশেষায়িত প্রশিক্ষণের ব্যবস্থা করতে রাষ্ট্রদূতের সহযোগিতা চান আইজিপি।
ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের চিকিৎসাসেবা আরও উন্নত করার বিষয়টিও আলোচনায় আসে। হাসপাতালটির চিকিৎসা অবকাঠামো ও সামগ্রিক সক্ষমতা বৃদ্ধিতে রাশিয়ান সরকারের কারিগরি এবং অবকাঠামোগত সহায়তা কামনা করেন আইজিপি।
সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/এসএস