অবশেষে সরকারি কর্মচারীদের বহুল প্রতীক্ষিত জাতীয় বেতনস্কেল ২০২৬- এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন কাঠামো অনুযায়ী, চলতি বছরের ১ জুলাই থেকেই বেতনস্কেল কার্যকর হয়েছে বলে গণ্য হবে। ফলে ওই তারিখ থেকে গেজেট প্রকাশের সময় পর্যন্ত সময়ের বর্ধিত বেতন বকেয়া হিসেবে পাওয়ার সুযোগ তৈরি হয়েছে সরকারি চাকরিজীবীদের।
শনিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় বেতনস্কেল ২০২৬- এর গেজেট প্রকাশ করা হয়। এর আগে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়ন-১ অনুবিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ জারি করা হয়।
নতুন বেতন কাঠামো একসঙ্গে পুরোপুরি কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ৯ম ও তদূর্ধ্ব গ্রেড এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য আলাদা হারে বর্ধিত বেতন কার্যকর হবে।
তিন ধাপে বাড়বে মূল বেতন
নতুন বেতনস্কেল অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৯ম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মচারীরা নতুন বেতন কাঠামোয় নির্ধারিত বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ পাবেন। একই সময়ে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে এ হার হবে ৫০ শতাংশ।
এরপর ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত ৯ম ও তদূর্ধ্ব গ্রেডে বর্ধিত বেতনের ৭০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডে ৭৫ শতাংশ কার্যকর হবে।
সবশেষে ২০২৭ সালের ১ জুলাই থেকে নতুন জাতীয় বেতনস্কেল অনুযায়ী ইনক্রিমেন্টসহ মূল বেতনের শতভাগ কার্যকর হবে।
১ জুলাই থেকেই বকেয়া
নতুন বেতনস্কেল কার্যকর ধরা হয়েছে ১ জুলাই ২০২৬ থেকে। কিন্তু গেজেট প্রকাশ হয়েছে ১৯ সেপ্টেম্বর। এ কারণে ১ জুলাই থেকে গেজেট প্রকাশের তারিখ পর্যন্ত সময়ের বর্ধিত বেতনের পাওনা বকেয়া হিসেবে নির্ধারিত হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১ জুলাই ২০২৬ থেকে আদেশ জারির তারিখ পর্যন্ত সময়ের বেতন কর্মচারীরা বকেয়া হিসেবে পাবেন। তবে এ সময়ের মধ্যে পাওয়া বিশেষ সুবিধার অর্থ নতুন বেতনস্কেল অনুযায়ী বকেয়া পাওনার সঙ্গে সমন্বয় করা হবে।
পেনশনেও মিলবে বর্ধিত সুবিধা
নতুন বেতনস্কেলের আওতায় পেনশনভোগীদের জন্যও ধাপে ধাপে বর্ধিত নিট পেনশন দেওয়ার বিধান রাখা হয়েছে।
২০ হাজার ১ টাকা ও তার বেশি বিদ্যমান নিট পেনশনের ক্ষেত্রে ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বর্ধিত পেনশনের ৪০ শতাংশ এবং ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশনের ক্ষেত্রে ৫০ শতাংশ কার্যকর হবে।
২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত এ হার যথাক্রমে ৭০ ও ৭৫ শতাংশ হবে। এরপর ১ জুলাই ২০২৭ থেকে নতুন কাঠামো অনুযায়ী পূর্ণ হারে নিট পেনশন কার্যকর হবে।
অবসরপ্রাপ্ত ও আজীবন পারিবারিক পেনশনভোগীরাও ১ জুলাই ২০২৬ থেকে আদেশ জারির তারিখ পর্যন্ত সময়ের বর্ধিত নিট পেনশনের বকেয়া পাবেন।
নতুন ভাতা কার্যকর ২০২৮ থেকে
নতুন বেতনস্কেল কার্যকর হলেও অন্যান্য ভাতা তাৎক্ষণিকভাবে নতুন হারে দেওয়া হবে না। উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতাসহ অন্যান্য ভাতা ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিদ্যমান হারে দেওয়ার কথা বলা হয়েছে।
নতুন বেতনস্কেল অনুযায়ী এসব ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।
বিলুপ্ত হচ্ছে বিশেষ সুবিধা
নতুন জাতীয় বেতনস্কেল কার্যকর হওয়ার তারিখ থেকেই বিশেষ সুবিধা বিলুপ্ত হয়েছে বলে গণ্য হবে। ফলে ১ জুলাই থেকে গেজেট প্রকাশের তারিখ পর্যন্ত কোনো কর্মচারী যে বিশেষ সুবিধা পেয়েছেন, তা নতুন পে-স্কেল অনুযায়ী প্রাপ্য বকেয়া বেতনের সঙ্গে সমন্বয় করা হবে।
তবে ১ জুলাই ২০২৬ তারিখে যারা অবসর-উত্তর ছুটিতে ছিলেন, তারা ওই ছুটি শেষ না হওয়া পর্যন্ত ৩০ জুন ২০২৬ তারিখে প্রযোজ্য হারে বিশেষ সুবিধা পাওয়ার বিধান রাখা হয়েছে।
নতুন বেতন কাঠামোয় গ্রেডভেদে মূল বেতন ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। সর্বনিম্ন ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডের বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা হয়েছে।
সদ্য সংবাদ/এসকে