বিরোধী দলের বিভিন্ন আন্দোলন ও লংমার্চকে সরকারের প্রতি অসহযোগিতা হিসেবে উল্লেখ করে এর সমালোচনা করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তার দাবি, বিরোধী দলের এসব কর্মসূচির সুযোগ নিয়ে কেউ কেউ ডিসেম্বরেই রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার সুযোগ খুঁজছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকায় জিল্লুর রহিম কলেজ প্রাঙ্গণে আয়োজিত বিশেষায়িত ফ্রি মেডিকেল ক্যাম্প, চক্ষু শিবির ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জেলা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ এ-৩ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
এ্যানি বলেন, সরকার গঠনের পর থেকেই বিরোধী দল বিভিন্নভাবে অসহযোগিতা করে আসছে। তার ভাষ্য, বিরোধী দল যদি লংমার্চসহ এসব কর্মসূচি না করত, তাহলে অন্য কেউ এ ধরনের রাজনৈতিক সুযোগ নিতে পারত না।
বিরোধী দলের সংসদ ও মাঠের কর্মসূচির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, সংসদে সহযোগিতার কথা বলা হলেও বাইরে আন্দোলন, লংমার্চ ও রোডমার্চের মাধ্যমে জনদুর্ভোগ তৈরি হচ্ছে। এসব কর্মসূচির কারণে যানজট, মানুষের চলাচলে বিঘ্ন এবং অসুস্থ রোগীদের ভোগান্তির কথাও উল্লেখ করেন তিনি।
গ্যাস, বিদ্যুৎ ও তেলের সংকট নিয়ে বিরোধী দলের আন্দোলনের সমালোচনা করে পানিসম্পদমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার সময় একটি ‘ধ্বংসস্তূপের’ ওপর ছিল। তাই দায়িত্ব নেওয়ার পরপরই সব সংকটের সমাধান করা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।
এ্যানি আরও বলেন, বিএনপিকে চাপে রেখে বিরোধী দল ভবিষ্যতে ক্ষমতায় আসার চেষ্টা করছে। এ বিষয়ে বিএনপি ও তারেক রহমানের সরকারকে সতর্ক থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি। তবে নির্বাচনে ভোট কেনা এবং অনিয়মের বিষয়ে তিনি যেসব অভিযোগ করেছেন, সেগুলো তার বক্তব্য হিসেবে উল্লেখ করেন।
৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গ টেনে এ্যানি বলেন, এ ঘটনা হঠাৎ করে ঘটেনি। তার দাবি, ১৭ বছর ধরে বিএনপির আন্দোলন-সংগ্রাম এবং ছাত্র-তরুণদের মাঠের আন্দোলনের ধারাবাহিকতায় ওই পরিস্থিতি তৈরি হয়। এরপর ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, ভবিষ্যতে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও জনগণের স্বার্থের ক্ষতি হয়- এমন কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না।
অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা এবং চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/এসকে