দীর্ঘ অপেক্ষার পর নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের প্রক্রিয়া শেষ পর্যায়ে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের দাবি, বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস) প্রজ্ঞাপন ছাপার কাজ চলছে।
সব আনুষ্ঠানিকতা শেষ হলে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরের পর প্রজ্ঞাপন প্রকাশ হতে পারে।
গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামো অনুমোদন করা হয়। নতুন কাঠামোয় ২০টি গ্রেড বহাল রেখে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা করার সিদ্ধান্ত হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রজ্ঞাপন প্রকাশের আগে প্রয়োজনীয় প্রক্রিয়ার অংশ হিসেবে আইন মন্ত্রণালয়ের ভেটিংসহ বিভিন্ন কাজ সম্পন্ন করা হয়েছে। এখন গেজেট প্রকাশের প্রস্তুতি চলছে। তবে শনিবারই প্রজ্ঞাপন প্রকাশ হবে কি না, তা সরকারি প্রজ্ঞাপন প্রকাশের পরই নিশ্চিত হওয়া যাবে।
তিন ধাপে বাস্তবায়ন
নতুন বেতন কাঠামো একবারে পুরোপুরি কার্যকর না করে তিন ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর কার্যকারিতা ধরা হয়েছে ১ জুলাই ২০২৬ থেকে। মূল বেতন ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে এবং অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকরের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
নতুন কাঠামোয় গ্রেডভেদে মূল বেতন ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। ২০তম গ্রেডে মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার এবং প্রথম গ্রেডে ৭৮ হাজার থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা হয়েছে। নবম গ্রেডের মূল বেতন ২২ হাজার থেকে বেড়ে ৪৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
কোন গ্রেডে কত মূল বেতন
গ্রেড | আগের মূল বেতন | নতুন মূল বেতন |
|---|---|---|
১ম | ৭৮,০০০ | ১,৫৬,০০০ |
২য় | ৬৬,০০০ | ১,৩২,০০০ |
৩য় | ৫৬,৫০০ | ১,১৩,০০০ |
৪র্থ | ৫০,০০০ | ১,০০,০০০ |
৫ম | ৪৩,০০০ | ৮৬,০০০ |
৬ষ্ঠ | ৩৫,৫০০ | ৭১,০০০ |
৭ম | ২৯,০০০ | ৫৮,০০০ |
৮ম | ২৩,০০০ | ৪৬,০০০ |
৯ম | ২২,০০০ | ৪৪,০০০ |
১০ম | ১৬,০০০ | ৩২,০০০ |
১১তম | ১২,৫০০ | ২৫,০০০ |
১২তম | ১১,৩০০ | ২৪,৩০০ |
১৩তম | ১১,০০০ | ২৪,০০০ |
১৪তম | ১০,২০০ | ২৩,৫০০ |
১৫তম | ৯,৭০০ | ২২,৮০০ |
১৬তম | ৯,৩০০ | ২১,৯০০ |
১৭তম | ৯,০০০ | ২১,৪০০ |
১৮তম | ৮,৮০০ | ২১,০০০ |
১৯তম | ৮,৫০০ | ২০,৫০০ |
২০তম | ৮,২৫০ | ২০,০০০ |
থাকছে নতুন কিছু সুবিধা
নতুন বেতন কাঠামোর সঙ্গে বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা ভাতা চালুর সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি সরকারি কর্মচারীদের জন্য মোবাইল ভাতার ব্যবস্থাও রাখা হয়েছে বলে প্রকাশিত তথ্যে উল্লেখ রয়েছে।
নতুন কাঠামো বাস্তবায়নের ফলে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা ব্যবস্থাপনায়ও পরিবর্তন আনতে হবে। এজন্য সরকারি বেতন ব্যবস্থাপনা সফটওয়্যার ‘আইবাস++’- এ প্রয়োজনীয় সমন্বয়ের কাজ করার কথাও জানানো হয়েছে।
পেনশনেও বাড়বে সুবিধা
নতুন কাঠামোয় পেনশনভোগীদের সুবিধা বাড়ানোর ব্যবস্থাও রাখা হয়েছে। পেনশনের পরিমাণ অনুযায়ী বিভিন্ন হারে নিট পেনশন বৃদ্ধির প্রস্তাব রয়েছে। পাশাপাশি ভবিষ্যতে সামরিক ও বেসামরিক ক্ষেত্রে ‘এক গ্রেড এক পেনশন’ ব্যবস্থা চালুর লক্ষ্যও রয়েছে।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো অনুমোদনের পর এখন তাদের নজর প্রজ্ঞাপনের দিকে। গেজেট প্রকাশ হলে নতুন স্কেলে বেতন নির্ধারণ, ফিক্সেশন ও বকেয়া পাওনা সমন্বয়ের পরবর্তী প্রক্রিয়া শুরু হবে।
সদ্য সংবাদ/এসকে