রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটনায় এখন পর্যন্ত ১৭৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের তথ্য অনুযায়ী, গত ১১ সেপ্টেম্বর গুলশান-১ এলাকায় মিছিলের পর থেকেই অভিযানে নামে পুলিশ। মিছিলে অংশ নেওয়ার অভিযোগে পর্যায়ক্রমে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ১১ সেপ্টেম্বর দুপুরে গুলশান থানার ৩ নম্বর সড়কের একটি গলিতে প্রায় ১৫০ থেকে ২০০ জন জড়ো হয়ে মিছিল করার চেষ্টা করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীদের পক্ষ থেকে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।
এ ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। মামলায় ১১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার পর গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে প্রত্যাহার করা হয়। পরে গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকেও প্রশাসনিক কারণে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হয়।
এর আগে ঘটনাস্থল থেকে পাঁচটি তাজা ককটেলসহ দুজনকে আটক করার কথা জানিয়েছিল পুলিশ। পরে মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আরও ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে করা মামলার কার্যক্রমও চলমান রয়েছে।
সদ্য সংবাদ/এসকে