সড়কে চলছিল যাত্রীবাহী বাস। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ছিটকে পড়ে পাশের পুকুরে। মুহূর্তেই পানিতে তলিয়ে আটকা পড়েন বেশ কয়েকজন যাত্রী। স্থানীয়দের সহায়তায় শুরু হয় উদ্ধার তৎপরতা। পরে বাসের ভেতর থেকে এক যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বরিশাল-স্বরূপকাঠি মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের গজালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি আব্দুল মালেক (৫৫)। তিনি বানারীপাড়া উপজেলার বাইসারী ইউনিয়নের এনসের আলী বেপারীর ছেলে।
স্থানীয়রা জানান, স্বরূপকাঠি থেকে যাত্রী নিয়ে আরিয়ান পরিবহনের একটি বাস বরিশালের দিকে যাচ্ছিল। গজালিয়া এলাকায় পৌঁছানোর পর কোনো একপর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়।
বাসটি পানিতে পড়ে যাওয়ার পর ভেতরে থাকা কয়েকজন যাত্রী আটকা পড়েন। দুর্ঘটনার শব্দ ও চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে পানিতে নেমে উদ্ধারকাজে অংশ নেন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছান। পরে উদ্ধার অভিযানে বাসের ভেতর থেকে আব্দুল মালেকের মরদেহ উদ্ধার করা হয়।
দুর্ঘটনায় আহত অন্তত ১৫ জনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, স্বরূপকাঠি থেকে বরিশালগামী বাসটি মাধবপাশার গজালিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এ ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
সদ্য সংবাদ/এসকে