দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সন্দেহজনক হামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪৮ জনে। এর বাইরে নিশ্চিত হামে মারা গেছেন ১০০ জন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক বার্তায় হাম পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে সন্দেহজনক হামে মারা গেছেন দুজন। এতে গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত হাম-সংক্রান্ত রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৮ জনে।
একই সময়ে নতুন করে ৫২ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি সন্দেহজনক হামের রোগী হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ২৪৫ জন।
অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১০ এপ্রিল থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগী পাওয়া গেছে ১ লাখ ৭৭ হাজার ৭২৫ জন। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ৩৯৫ জনের।
বিভাগভিত্তিক হিসাবে নিশ্চিত হামে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে—৬৩ জন। এ ছাড়া বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেট ও রাজশাহীতে তিনজন করে এবং ময়মনসিংহে দুজন মারা গেছেন।
অন্যদিকে সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যাও ঢাকায় সর্বোচ্চ। এ বিভাগে ৪২৬ জনের মৃত্যু হয়েছে। সিলেটে ১৬৫, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৭, চট্টগ্রামে ৭৪, বরিশালে ৫৯, খুলনায় ৪০ এবং রংপুরে ১৪ জন মারা গেছেন।
সদ্য সংবাদ/ এআর