ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭১ জনে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৭৫৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এক দিনে এত রোগী হাসপাতালে ভর্তির ঘটনা এ বছরের সর্বোচ্চ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশে মোট ৫৬ হাজার ৯১৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ৭৪৩ জন ঢাকা বিভাগের।
এ ছাড়া খুলনা বিভাগে ৩৪৯ জন, বরিশালে ১৮৬, চট্টগ্রামে ১৭৭, রাজশাহীতে ১৫৩, ময়মনসিংহে ৮৩, রংপুরে ৫৩ এবং সিলেট বিভাগে নয়জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সদ্য সংবাদ/ এআর