ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচন ঘিরে আরব ভোটারদের অংশগ্রহণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আরব ভোটারদের উপস্থিতি বাড়ছে এমন দাবি করে নিজের দল লিকুদের সমর্থকদের দ্রুত ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়, যা রাত ১০টা পর্যন্ত চলার কথা। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, আগের নির্বাচনের তুলনায় এবার ভোটকেন্দ্রে আরব ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে।
ভোট দেওয়ার পর নেতানিয়াহু দাবি করেন, আরব ভোটারদের অংশগ্রহণের কারণে নির্বাচনের ফলাফলে প্রভাব পড়তে পারে। লিকুদ সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, আরবরা তাদের কাছ থেকে নির্বাচন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে।
এ সময় আরব দল রা’মের তিন সদস্যের প্রসঙ্গও তোলেন তিনি। ভোটারদের অর্থ দেওয়ার অভিযোগে ওই তিনজন আটক হয়েছেন বলে নেতানিয়াহু উল্লেখ করেন। ঘটনাটিকে গুরুতর অপরাধ হিসেবে বর্ণনা করে তিনি নিজের সমর্থকদের সতর্ক থাকার আহ্বান জানান।
নেতানিয়াহু বিশেষ করে নেগেভ অঞ্চলে আরব ভোটারদের উপস্থিতির কথা তুলে ধরে ইহুদি ভোটারদেরও ভোট দিতে বের হওয়ার আহ্বান জানান। তাঁর বক্তব্য, সমর্থকেরা ভোটকেন্দ্রে না গেলে নির্বাচনে দলের অবস্থান ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই অবসর কাটানোর পরিবর্তে লিকুদকে ভোট দিতে তাঁদের প্রতি আহ্বান জানান তিনি।
ইসরায়েলের নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি অনুসরণ করা হয়। এ ব্যবস্থায় ভোটাররা সরাসরি কোনো প্রার্থীকে নয়, রাজনৈতিক দলকে ভোট দেন। প্রাপ্ত ভোটের অনুপাত অনুযায়ী দলগুলো পার্লামেন্টে আসন পায়। ফলে আরব ভোটাররা আরব দলগুলোকে বেশি সমর্থন দিলে পার্লামেন্টে ওই দলগুলোর প্রতিনিধিত্ব বাড়তে পারে।
নির্বাচনে আরব ভোটারদের অংশগ্রহণ এবং তাদের ভোটের সম্ভাব্য প্রভাব নিয়ে নেতানিয়াহুর বক্তব্যের মধ্য দিয়ে দেশটির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নতুন করে আলোচনায় এসেছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
সদ্য সংবাদ/এসএস