নারায়ণগঞ্জে পণ্যের মান ও পরিমাপে অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠান সিলগালা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে বিভিন্ন অনিয়ম শনাক্তের পর এ ব্যবস্থা নেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযানে জিহাদ ফুড প্রোডাক্ট, আল আমিন প্লাস্টিক ও হিমালয়া ডিস্ট্রিবিউশন কোম্পানিতে নানা ধরনের অসংগতি পাওয়া যায়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে প্রতিষ্ঠান তিনটি সিলগালা করা হয়।
অভিযানের প্রথম পর্যায়ে মিজমিজি পশ্চিম পাড়ায় অবস্থিত জিহাদ ফুড প্রোডাক্টে গিয়ে প্রতিষ্ঠানটি তালাবদ্ধ পাওয়া যায়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে তালা খুলে ভেতরে প্রবেশ করেন অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই সস উৎপাদন এবং পণ্যের বোতলে ব্যবহারের জন্য তৈরি লেবেলে সংস্থাটির গুণগত মানচিহ্ন ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ সময় প্রতিষ্ঠানটির মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি। পরে এটি সিলগালা করার নির্দেশ দেওয়া হয়।
অন্যদিকে, পশ্চিম মিজমিজির কান্দাপাড়ায় আল আমিন প্লাস্টিকের উৎপাদিত ভোজ্যতেলের বোতল পরীক্ষা করে নির্ধারিত পরিমাপের চেয়ে কম ধারণক্ষমতার বোতল তৈরির বিষয়টি শনাক্ত করা হয়। মালিকপক্ষের কোনো প্রতিনিধি উপস্থিত না থাকায় প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
একই এলাকার হিমালয়া ডিস্ট্রিবিউশন কোম্পানিতে অভিযান চালিয়ে ফর্টিফায়েড সয়াবিন তেলের বোতলে পরিমাপের ঘাটতি পাওয়া যায়। অভিযানে প্রতি ১ হাজার ৮০০ মিলিলিটারের বোতলে ৭০ মিলিলিটার, ২ লিটারের বোতলে ৪০০ মিলিলিটার এবং ১ লিটারের বোতলে ২৫ মিলিলিটার তেল কম থাকার বিষয়টি উল্লেখ করা হয়। এ ছাড়া পণ্য মোড়কজাতকরণের নিবন্ধন সনদ ছাড়াই তেল মোড়কজাত ও বিক্রি এবং পণ্যের লেবেলে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহারের অনিয়ম শনাক্ত করা হয়। এসব কারণে প্রতিষ্ঠানটিও সিলগালা করা হয়।
বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহারের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. ইয়াছির আরাফাত ও পরিদর্শক (মেট্রোলজি) মো. হাফিজুর রহমান।
এ সময় বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নারায়ণগঞ্জের উপপরিচালক ও অফিসপ্রধান কে এম হানিফ, সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. রাকিবুল আলম এবং সহকারী পরিচালক (সিএম) ইবাদত মানিক উপস্থিত ছিলেন।
ভোক্তাদের স্বার্থ সুরক্ষা, পণ্যের মান নিশ্চিত করা এবং সঠিক পরিমাপ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআইয়ের নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়।
সদ্য সংবাদ/এসএস