রংপুরের পীরগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে আল্লাহ ও পবিত্র কোরআনকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও প্রকাশের অভিযোগে সৌরভ চন্দ্র মোহন্ত (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তার পরিবারের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার চিকল বেলাই গ্রাম থেকে সৌরভকে আটক করা হয়। তিনি রংপুরের পীরগঞ্জ সদর ইউনিয়নের চক করিম তেলিপাড়া গ্রামের বিশু চন্দ্র মোহন্তের ছেলে। চাকরির সুবাদে তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, প্রায় দুই মাস আগে সৌরভের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আল্লাহ ও পবিত্র কোরআনকে নিয়ে আপত্তিকর একটি ভিডিও ছড়িয়ে পড়ে। গত সোমবার (২৬ অক্টোবর) ভিডিওটি আবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এ ঘটনায় গ্রাম পুলিশ আমিনুল ইসলাম বাদী হয়ে পীরগঞ্জ থানায় ধর্ম অবমাননার অভিযোগে মামলা করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বগুড়া থেকে সৌরভকে গ্রেপ্তার করা হয়।
এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে সোমবার রাতে একদল উত্তেজিত ব্যক্তি সৌরভের পরিবারের বাড়িতে হামলা চালায় বলে জানা গেছে। এ সময় তিনটি ঘরের বেড়া ভাঙচুর করা হয় এবং ঘরের আসবাবপত্র তছনছ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় সৌরভের বাবা বিশু চন্দ্র মোহন্ত বাদী হয়ে থানায় আরেকটি মামলা করেন। ওই মামলায় শফিকুল ইসলাম আরিফ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে দুই মামলার দুই আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নতুন করে অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সদ্য সংবাদ/এসএস