ভারতের বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করতে গণতান্ত্রিক আন্দোলন ও নির্বাচনি প্রক্রিয়ার ওপর গুরুত্ব দিয়েছেন অভিনেতা প্রকাশ রাজ। তাঁর মতে, বাংলাদেশ বা নেপালের মতো গণবিক্ষোভের মাধ্যমে নয়, বরং ভোটের মাধ্যমেই সরকারের পরিবর্তন ঘটাতে হবে। শনিবার (১৭ অক্টোবর) প্রকাশিত ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে তাঁর এ বক্তব্য উঠে এসেছে।
দিল্লিতে তিরাঙ্গা মার্চ কর্মসূচির আগে ককরোচ জনতা পার্টির (সিজিপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকসহ কয়েকজন আন্দোলনকারীকে আটক করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন প্রকাশ রাজ। তিনি বলেন, ভারতের রয়েছে নিজস্ব সংবিধান, গণতান্ত্রিক ঐতিহ্য এবং নাগরিকদের ভোট দেওয়ার অধিকার। মহাত্মা গান্ধী, বি আর আম্বেদকর ও ভগত সিংয়ের আদর্শের কথাও তুলে ধরেন তিনি।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এই অভিনেতা। তাঁর অভিযোগ, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার পরিবর্তে বলপ্রয়োগের পথ বেছে নেওয়া হচ্ছে। এতে মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘হর ঘর তিরাঙ্গা’ স্লোগানের প্রসঙ্গ টেনে প্রকাশ রাজ জানতে চান, জাতীয় পতাকা হাতে তরুণেরা প্রতিবাদে অংশ নিতে চাইলে তাঁদের বাধা দেওয়া হবে কেন। তাঁর মতে, সংবিধান নাগরিকদের প্রতিবাদ জানানোর যে অধিকার দিয়েছে, তা প্রয়োগের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।
আন্দোলন দমনে শক্তি প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন প্রকাশ রাজ। আসন্ন শীতকালীন অধিবেশনে বিরোধী দলগুলোকে বিষয়টি সংসদে তুলে ধরার আহ্বান জানান তিনি। একই সঙ্গে কৃষক সংগঠন ও নাগরিক সমাজের সমর্থনে আন্দোলন আরও বিস্তৃত হতে পারে বলে ইঙ্গিত দেন এই অভিনেতা।
সূত্র: ইন্ডিয়া টুডে
সদ্য সংবাদ/এসএস