দেশের সরকারি-বেসরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজের গ্রন্থাগারে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা ও তাঁদের নিয়ে রচিত তিনটি বই রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এ নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
স্বাস্থ্যসেবা বিভাগের গত ২৭ সেপ্টেম্বরের এক চিঠিতে অধীনস্থ দপ্তরপ্রধানদের এ বিষয়ে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়। এরই মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর তাদের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলোতে নির্দেশনা বাস্তবায়নের জন্য লিখিত তাগিদ দিয়েছে।
নির্দেশনায় যে তিনটি বইয়ের কথা বলা হয়েছে, সেগুলো হলো- প্রয়াত সাংবাদিক ও গবেষক মাহফুজ উল্লাহর লেখা ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’ ও ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা ‘সবার আগে বাংলাদেশ’। বই তিনটির মোট মূল্য ৪ হাজার ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্ট নথি অনুযায়ী, ‘জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা’র পক্ষে জহির দীপ্তি গত ২৩ আগস্ট স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিতের কাছে বইগুলো হাসপাতাল ও মেডিকেল কলেজের গ্রন্থাগারে রাখার বিষয়ে আবেদন করেন। আবেদনে বইগুলোকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে উল্লেখ করা হয়।
আবেদনপত্রে প্রতিমন্ত্রী নিজের স্বাক্ষর, তারিখ ও সরকারি সিল দিয়ে ‘জোর সুপারিশ করা হলো’ লিখে বিষয়টি স্বাস্থ্যসেবা বিভাগের বিবেচনার জন্য অনুমোদন দেন। পরবর্তী সময়ে ওই আবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়।
প্রকাশনা সংস্থার আবেদনে বলা হয়, চিকিৎসক, নার্স, শিক্ষার্থী এবং হাসপাতালে আসা পাঠকদের জন্য বইগুলো পাঠের সুযোগ তৈরি করা হলে তা উপকারী হবে। তবে নির্দেশনার আওতাভুক্ত সব প্রতিষ্ঠানে বইগুলো সংগ্রহের প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য নির্দেশনার উদ্ধৃত অংশে উল্লেখ নেই।
এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গ্রন্থাগারে একই তিনটি বই রাখার নির্দেশনা নিয়েও আলোচনা তৈরি হয়েছিল। গত ৩ জুন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়। পরে ৬ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সেই নির্দেশনা বাতিল করে।
সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে লেখা বই সংগ্রহের নির্দেশনা অবশ্য নতুন নয়। ২০১৯ সালের আগস্টে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর দেশের মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে শেখ মুজিবুর রহমানকে নিয়ে শিশু একাডেমি প্রকাশিত ২৭টি বই কেনার নির্দেশ দিয়েছিল। এর আগে ২০১৪ সালেও শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা তিনটি বই কেনার নির্দেশনা দেওয়া হয়েছিল।
সাম্প্রতিক এই নির্দেশনার মধ্য দিয়ে হাসপাতাল ও মেডিকেল কলেজের গ্রন্থাগারে রাজনৈতিক ব্যক্তিত্বদের জীবনীভিত্তিক বই সংগ্রহের বিষয়টি আবারও আলোচনায় এসেছে।
সদ্য সংবাদ/এসএস