ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধীদের কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের কার্যালয়ের দিকে এগিয়ে যাওয়ার সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ ইন্ডিয়া জোটের বেশ কয়েকজন সংসদ সদস্যকে আটক করেছে দিল্লি পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) সংসদ ভবন এলাকা থেকে নির্বাচন কমিশনের সদর দপ্তরের উদ্দেশে মিছিল বের করেন বিরোধী জোটের নেতারা। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে আপত্তি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রতিবাদেই এ কর্মসূচি নেওয়া হয়।
মিছিলটি নির্ধারিত পথে এগিয়ে যাওয়ার সময় পুলিশ ব্যারিকেড দিয়ে তা আটকে দেয়। এরপর বিরোধী নেতারা সড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ শুরু করেন। একপর্যায়ে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজনকে আটক করে পুলিশ।
বিক্ষোভকে ঘিরে দিল্লির গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আগে থেকেই বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছিল। বিভিন্ন পয়েন্টে ব্যারিকেড বসানোর পাশাপাশি স্থানীয় পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। নির্বাচন কমিশন ও আকাশবাণী ভবনসংলগ্ন এলাকাতেও ছিল কড়া নিরাপত্তা।
বিরোধী দলগুলোর অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের এসআইআর প্রক্রিয়ায় সাধারণ মানুষের ভোটাধিকার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগসহ প্রক্রিয়াটি নিয়ে জবাবদিহির দাবি জানিয়ে আসছে তারা।
এরই ধারাবাহিকতায় দিল্লিতে ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচি পালন করছে ইন্ডিয়া জোটভুক্ত দলগুলো। একই ইস্যুতে জোটের নেতারা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করে তাঁদের উদ্বেগের কথা জানানোর উদ্যোগ নিয়েছেন।
গত ৩০ সেপ্টেম্বর বিরোধী দলগুলোর বৈঠকের পর নির্বাচন কমিশনবিরোধী এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল। মঙ্গলবারের মিছিলকে কেন্দ্র করে দিল্লির কেন্দ্রীয় এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়।
সদ্য সংবাদ/এসএস