শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন খাতে আদায় করা অর্থ সংশ্লিষ্ট খাতের বাইরে ব্যয় করা যাবে না। এ বিষয়ে সরকারি কলেজ ও সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রধানদের সতর্ক করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মাউশির উপপরিচালক (সাধারণ প্রশাসন) শামীম আল মামুন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের গত ১৩ সেপ্টেম্বরের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থ যে উদ্দেশ্যে সংগ্রহ করা হয়েছে, সেই নির্দিষ্ট খাতেই ব্যয় করতে হবে। এক খাতের অর্থ অন্য খাতে স্থানান্তর করে খরচ করা থেকে প্রতিষ্ঠানগুলোকে বিরত থাকতে বলা হয়েছে।
মাউশি জানিয়েছে, শিক্ষার্থীদের কাছ থেকে সংগৃহীত অর্থ ব্যয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট খাতের প্রচলিত বিধিবিধান অনুসরণ করতে হবে। কোনো খাতের জন্য আদায় করা অর্থ অন্য কোনো কাজে ব্যবহার করা হচ্ছে কি না, সে বিষয়ে প্রতিষ্ঠানপ্রধানদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে।
সরকারি কলেজের অধ্যক্ষ এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের এ নির্দেশনা যথাযথভাবে অনুসরণের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।
মাউশির পক্ষ থেকে বলা হয়েছে, নির্ধারিত খাত অনুযায়ী অর্থ ব্যয়ের বিধান মেনে চলার বিষয়টি নিশ্চিত করতেই নতুন করে প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে।
সদ্য সংবাদ/এসএস