রাজধানীতে অপরাধ দমনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চলমান অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে অস্ত্র, গুলি, দেশীয় ধারালো অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১৩১ জনকে আটক করা হয়েছে। এছাড়া তেজগাঁও বিভাগে ৮৬, ওয়ারী বিভাগে ৫৭, মতিঝিল বিভাগে ৫৬, উত্তরা বিভাগে ৪৯, রমনা বিভাগে ৪১, গুলশান বিভাগে ৩৮ এবং লালবাগ বিভাগে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা বিভাগ থেকে গ্রেপ্তার করা হয়েছে আরও ৫ জনকে।
অভিযানের সময় পুলিশের হাতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার হয়। পাশাপাশি পাঁচটি রাম দা, দুটি তরবারি ও একটি ছোরাও জব্দ করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে ৩৯৫ পিস ইয়াবা, ৪৩৮ বোতল ফেনসিডিল, ২ কেজি ৪০০ গ্রাম গাঁজা এবং ৪৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া অভিযানে চারটি মোবাইল ফোন, একটি স্বর্ণের কানের দুল, নয়টি ফুয়েল পেপার, তিনটি গ্যাস লাইট, ইয়াবা সেবনের তিনটি প্লাস্টিকের বোতল এবং নগদ ২৫ হাজার টাকা জব্দ করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে এসব অস্ত্র, মাদক ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সদ্য সংবাদ /এসকে