শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত না হয়ে ক্লাস চলাকালীন সময় বিভিন্ন বিনোদনকেন্দ্রে ঘুরে বেড়াচ্ছিল একদল শিক্ষার্থী। এমন তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের চন্দনাইশে অভিযান চালিয়ে ৩৫ শিক্ষার্থীকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে অভিভাবক ও শিক্ষকদের ডেকে এনে সতর্ক করার পর তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার বিভিন্ন পর্যটন ও বিনোদনকেন্দ্রে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ক্লাস চলার সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঠদান এড়িয়ে বিনোদনকেন্দ্রে সময় কাটাচ্ছে এমন খবর পেয়ে অভিযান শুরু করা হয়। এ সময় স্কুল, কলেজ ও মাদরাসার পোশাক পরা শিক্ষার্থীদের বিভিন্ন স্থানে দলবদ্ধভাবে ঘোরাফেরা করতে দেখা যায়।
পরে বিভিন্ন এলাকা থেকে ৩৫ জনকে আটক করে উপজেলা পরিষদে নেওয়া হয়। খবর পেয়ে সেখানে উপস্থিত হন সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকেরা।
উপজেলা পরিষদে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়া এবং নিয়মিত ক্লাসে অংশ নেওয়ার বিষয়ে পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি সন্তানদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের বিষয়টি নিয়মিত খোঁজ রাখার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়। পরে অভিভাবক ও শিক্ষকদের জিম্মায় শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হয়।
ইউএনও মো. আবদুর রহমান জানান, শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতি ও ভুল পথে পরিচালিত হওয়ার ঝুঁকি বিবেচনায় এ অভিযান চালানো হয়েছে। শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে এ ধরনের অভিযান ও নজরদারি ভবিষ্যতেও চলবে বলে জানান তিনি।
সদ্য সংবাদ/এসএস