সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে একটি ভিডিওতে মন্তব্য করাকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ শেষ পর্যন্ত রূপ নিয়েছে সংঘর্ষে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই তরুণের মধ্যে হাতাহাতির ঘটনাকে ঘিরে সোহাগপুর গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) সকালে আশুগঞ্জ বাজারে স্থানীয় নেতাদের উদ্যোগে বিরোধ মেটাতে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। জারু মিয়ার গদিতে আয়োজিত ওই বৈঠকে পুলিশের উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে সমঝোতাও হয়। তবে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পরপরই পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগের দিন টিকটক ভিডিওতে মন্তব্য করাকে কেন্দ্র করে দুই তরুণের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সোহাগপুর গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে বিরোধ ছড়িয়ে পড়ে। উত্তেজনা প্রশমনে শনিবার সকালে সালিশের আয়োজন করা হলেও তা স্থায়ী সমাধান আনতে পারেনি।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, আগের দিনের সংঘর্ষের ঘটনা মীমাংসার জন্য সকালে পুলিশের উপস্থিতিতে সালিশ বৈঠক হয়। সেখানে বিরোধের নিষ্পত্তি করা হয়েছিল। কিন্তু পুলিশ চলে যাওয়ার পর দুই পক্ষ ফের সংঘর্ষে জড়ায়।
ওসি আরও জানান, সংঘর্ষে অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
সদ্য সংবাদ/এসএস