থাইল্যান্ডে পালিয়েও থেমে নেই সাবেক এমপি রাজী ফখরুল, দেশে রাজনৈতিক নেটওয়ার্ক!

স
সদ্য সংবাদ ডেস্ক
২৬ অক্টোবর, ২০২৬ ১৫:৫৬:০০
ছবি: সংগৃহীত

কুমিল্লা-৪ আসনের সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের বিরুদ্ধে এলাকায় প্রভাব বিস্তার, সশস্ত্র ক্যাডার বাহিনী গঠন, উন্নয়ন প্রকল্পে অনিয়ম এবং সরকারি টেন্ডার নিয়ন্ত্রণের মতো গুরুতর অভিযোগ রয়েছে। শেখ পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব খাটানোর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের বাইরে অবস্থান করলেও থাইল্যান্ডে বসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাদের সঙ্গে যোগাযোগ ও রাজনৈতিক তৎপরতা চালানোর অভিযোগ উঠেছে তাঁকে ঘিরে।

কুমিল্লার দেবিদ্বারে সংসদ সদস্য থাকাকালে রাজী মোহাম্মদ ফখরুলের প্রভাব ছিল বিস্তৃত এমন দাবি স্থানীয় একাধিক সূত্রের। তাঁদের অভিযোগ, রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে তিনি এলাকায় একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিপক্ষের নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো, সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি এবং বিভিন্ন উন্নয়নকাজের নিয়ন্ত্রণ ঘিরে তাঁর অনুসারীদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাজী ফখরুলের রাজনৈতিক বলয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন ও মারধরের অভিযোগও ছিল।

রাজী মোহাম্মদ ফখরুলের বিরুদ্ধে শেখ পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দিয়ে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর সঙ্গে সংশ্লিষ্টতার পরিচয় ব্যবহার করে তিনি বিভিন্ন পর্যায়ে নিজের যোগাযোগ ও প্রভাবের বিষয়টি তুলে ধরতেন।

অভিযোগ রয়েছে, কখনো শেখ রেহানা, কখনো তাঁর ছেলে রাদওয়ান সিদ্দিক মুজিব ববি, আবার কখনো সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ হিসেবে নিজেকে উপস্থাপন করতেন রাজী ফখরুল। এসব পরিচয়ের সূত্র ধরে তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয় ও বিভিন্ন মন্ত্রণালয়ে যোগাযোগ রক্ষা এবং সরকারি প্রকল্পসংক্রান্ত তদবিরে যুক্ত থাকার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

এ ছাড়া সরকারি নিয়োগ, ক্রয়-বিক্রয় ও টেন্ডারসংক্রান্ত কাজে প্রভাব বিস্তারের মাধ্যমে একটি শক্তিশালী যোগাযোগভিত্তিক বলয় গড়ে তোলার অভিযোগ উঠেছে।

রাজী ফখরুলকে ঘিরে অতীতে একাধিক সহিংস ঘটনার অভিযোগ রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছিল।

২০২২ সালের জুলাইয়ে জাতীয় সংসদ ভবনে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির একটি সভা চলাকালে তৎকালীন দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদকে মারধরের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ওই ঘটনায় প্রকাশ্যে কিল-ঘুষি মেরে আবুল কালাম আজাদকে লাঞ্ছিত করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

একই বছরের অক্টোবরে দেবিদ্বারে দুর্গাপূজার একটি মণ্ডপ পরিদর্শনের সময় আবুল কালাম আজাদকে লক্ষ্য করে রাজী ফখরুল পিস্তল উঁচিয়ে গুলি করেছিলেন বলেও অভিযোগ রয়েছে। ঘটনাটি নিয়ে সে সময় স্থানীয় রাজনীতিতে উত্তেজনা তৈরি হয় বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেবিদ্বারে রাজী ফখরুলের নিজস্ব বাড়ি ‘ফখরুল মুন্সী বাড়ি’কে কেন্দ্র করে অস্ত্রধারীদের তৎপরতার অভিযোগ ওঠে। স্থানীয় সূত্রগুলোর দাবি, নির্বাচনের আগে ওই বাড়িতে তাঁর অনুসারীদের আনাগোনা এবং প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের ঘটনা ঘটেছিল।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থক ও সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে যেতে নিরুৎসাহিত করতে ভয়ভীতি দেখানোর অভিযোগও রয়েছে তাঁর অনুসারীদের বিরুদ্ধে।

স্থানীয় কয়েকটি সূত্রের দাবি, সংসদ সদস্য থাকাকালে রাজী ফখরুলের অনুসারীদের নিয়ে কয়েক শ সদস্যের একটি প্রভাবশালী বাহিনী গড়ে উঠেছিল। উপজেলা ছাত্রলীগের নেতা রুবেল এবং স্বেচ্ছাসেবক লীগের নেতা সাদ্দাম হোসেন ওই বাহিনীর তৎপরতায় নেতৃত্ব দিতেন বলে অভিযোগ রয়েছে।

রাজী ফখরুলের বাসভবনে গোপন নির্যাতনকেন্দ্র বা ‘টর্চার সেল’ পরিচালনার অভিযোগও করেছেন স্থানীয় কয়েকজন ব্যক্তি। তাঁদের দাবি, তাঁর রাজনৈতিক অবস্থান বা সিদ্ধান্তের বিরোধিতা করলে কিছু মানুষকে ধরে নিয়ে সেখানে নির্যাতন করা হতো।

এ ছাড়া সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীদের মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং প্রভাব খাটিয়ে বিরোধীদের চাপে রাখার অভিযোগ রয়েছে।

দেবিদ্বার উপজেলার রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের বরাদ্দ নিয়ে অনিয়মের অভিযোগও রয়েছে সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রগুলোর দাবি, বিভিন্ন উন্নয়নকাজের ঠিকাদারি ও বাস্তবায়নপ্রক্রিয়ায় তাঁর অনুসারীদের প্রভাব ছিল। কিছু প্রকল্পে কাজ না করেই অর্থ উত্তোলন কিংবা কাগজে-কলমে প্রকল্প দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগও উঠেছে।

সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ঘনিষ্ঠ বলয়ের সদস্য হিসেবে রাজী ফখরুল বিদ্যুৎ খাতের বড় অঙ্কের টেন্ডার নিয়ন্ত্রণ করতেন এমন অভিযোগও রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, তাঁর অনুমোদন বা সম্মতি ছাড়া কোনো কোনো ঠিকাদারের পক্ষে দরপত্রে অংশ নেওয়াও কঠিন ছিল। সরকারি প্রকল্পের কাজ পাইয়ে দেওয়া, দরপত্রসংক্রান্ত তদবির এবং প্রভাব খাটিয়ে সুবিধা আদায়ের অভিযোগও উঠেছে।

এ ছাড়া রাজনৈতিক যোগাযোগ ও সরকারি প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্টতার সুযোগ কাজে লাগিয়ে বিপুল সম্পদ অর্জন এবং অর্থ বিদেশে পাচারের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

রাজী মোহাম্মদ ফখরুলের রাজনৈতিক উত্থান ঘটে তাঁর বাবা ফখরুল ইসলাম মুন্সীর হাত ধরে। ২০০৮ সালে তিনি দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পরে ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয়বার সংসদ সদস্য হন তিনি। তবে ২০২৪ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের কাছে পরাজিত হন।

ওই নির্বাচনের পর দেবিদ্বারের রাজনীতিতে তাঁর প্রভাব কমে আসে বলে দাবি স্থানীয় কয়েকটি সূত্রের। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি দেশ ছেড়ে প্রথমে মালয়েশিয়া এবং পরে থাইল্যান্ডে যান বলে বিভিন্ন সূত্রের দাবি।

বর্তমানে থাইল্যান্ডে অবস্থান করে রাজী ফখরুল ব্যবসা পরিচালনার পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক ও বিতর্কিত নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, থাইল্যান্ডে তাঁর বাসায় নিয়মিত বৈঠক ও অনানুষ্ঠানিক জমায়েত হয়। এসব বৈঠকে আওয়ামী লীগের পলাতক নেতাদের অংশগ্রহণ এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলেও অভিযোগ রয়েছে। শেখ হাসিনার সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে এমন দাবিও করেছেন কয়েকটি সূত্র।

সদ্য সংবাদ/এসএস

অপরাধ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, এসেনশিয়াল ড্রাগসে শামীম আহমেদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ সদ্য. থাইল্যান্ডে পালিয়েও থেমে নেই সাবেক এমপি রাজী ফখরুল, দেশে রাজনৈতিক নেটওয়ার্ক! সদ্য. কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট সদ্য. চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার মোহাম্মদপুর থানা ওয়ার্ড বিএনপির সভাপতি সদ্য. দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশিসহ ৭ জনের সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, এসেনশিয়াল ড্রাগসে শামীম আহমেদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ সদ্য. থাইল্যান্ডে পালিয়েও থেমে নেই সাবেক এমপি রাজী ফখরুল, দেশে রাজনৈতিক নেটওয়ার্ক! সদ্য. কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট সদ্য. চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার মোহাম্মদপুর থানা ওয়ার্ড বিএনপির সভাপতি সদ্য. দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশিসহ ৭ জনের