শরীয়তপুরের গোসাইরহাটে আর্থিক সাক্ষরতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ব্যাংকিং সেবা সম্পর্কে ধারণা প্রসারের লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সরকারি শামসুর রহমান কলেজে এ সেমিনারের আয়োজন করে আইএফআইসি ব্যাংক।
‘আর্থিক সাক্ষরতা’ শীর্ষক এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শামসুর রহমান কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের একাডেমিক কাউন্সিলের সদস্যসচিব লুৎফর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক সোহেল খান এবং প্রফেসর মোশারফ হোসেন।
সেমিনারে সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংকের শরীয়তপুর শাখার ব্যবস্থাপক বিপ্লব চন্দ্র মণ্ডল।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আল মামুন বলেন, আর্থিক সাক্ষরতা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ব্যক্তিগত ও পারিবারিক আর্থিক ব্যবস্থাপনা, সঞ্চয় এবং অর্থের সঠিক ব্যবহার সম্পর্কে সচেতনতা থাকা প্রয়োজন। শিক্ষার্থীদের মধ্যে এ বিষয়ে জ্ঞান ও সচেতনতা বাড়াতে এ ধরনের সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না; বাস্তব জীবনে প্রয়োজনীয় আর্থিক জ্ঞানও অর্জন করতে হবে। এতে তারা ভবিষ্যতে আর্থিক সিদ্ধান্ত গ্রহণে আরও সচেতন ও দায়িত্বশীল হতে পারবে।
সভাপতির বক্তব্যে আইএফআইসি ব্যাংকের শরীয়তপুর শাখার ব্যবস্থাপক বিপ্লব চন্দ্র মণ্ডল বলেন, আর্থিক সাক্ষরতা মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। ব্যাংকিং সেবা গ্রহণ, সঞ্চয় গড়ে তোলা, নিরাপদ লেনদেন এবং আর্থিক ঝুঁকি সম্পর্কে সচেতন থাকতে আর্থিক জ্ঞানের প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, সাধারণ মানুষের মধ্যে ব্যাংকিং সেবা সম্পর্কে সঠিক ধারণা তৈরি ও আর্থিক সচেতনতা বৃদ্ধিতে আইএফআইসি ব্যাংক এ ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকে। শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সাক্ষরতার গুরুত্ব তুলে ধরতেই এ সেমিনারের আয়োজন করা হয়েছে।
সেমিনারে বক্তারা আর্থিক সাক্ষরতার গুরুত্ব, ব্যাংকিং সেবা গ্রহণের নিয়ম, সঞ্চয়ের প্রয়োজনীয়তা এবং নিরাপদ আর্থিক লেনদেন সম্পর্কে আলোচনা করেন। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও ব্যাংকসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আর্থিক সাক্ষরতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং ব্যাংকিং সেবা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা প্রসারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
সদ্য সংবাদ/ এরআর