নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সকে গ্রেপ্তারকে কেন্দ্র করে পুলিশের কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন তাঁর সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছোট বোন।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের শিশু আদালতে শুনানি শেষে কিশোরীর জামিন মঞ্জুর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রিন্সের আইনজীবী অ্যাডভোকেট ছায়াদুর রহমান তালুকদার।
মামলার বিবরণ অনুযায়ী, গত ৩১ অক্টোবর দিবাগত মধ্যরাতে সিলেট মহানগরীর একটি বেসরকারি হাসপাতাল এলাকা থেকে প্রিন্স, তাঁর মা-বাবা, ছোট বোন এবং চার বন্ধুকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় প্রিন্সের বয়স ছিল ২১ বছর এবং তাঁর ছোট বোনের বয়স ১৬ বছর।
গ্রেপ্তার হওয়া প্রিন্সের চার বন্ধু হলেন দিরাই উপজেলার চণ্ডীপুর গ্রামের ইফাত আলম রাবিদ, ধর্মপাশা উপজেলার সাদিপুর গ্রামের শাহরিয়ার সাদি, ছাতক উপজেলার জালালপুর গ্রামের কাওছার আহমদ সোহাগ এবং সিলেটের ভাদেরশ্বর গ্রামের তাকরিব রহমান তানহির।
পরদিন ১ নভেম্বর আদালত প্রিন্সের মা-বাবাসহ সাতজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাঁর বোনকে গাজীপুরের একটি নিরাপদ আবাসন কেন্দ্রে (সেফ হোম) পাঠানো হয়। এর কয়েক দিন পর ৩ নভেম্বর তাঁর মা শামী আক্তার পলি আদালত থেকে জামিন পান।
এর আগে পুলিশ জানিয়েছিল, ২৯ অক্টোবর গভীর রাতে নাশকতার মামলায় প্রিন্সকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ সদর থানার একটি দল। পরে থানা হেফাজতে অসুস্থ হয়ে পড়লে তাঁকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। এ সময় পরিবারের সদস্যরা পুলিশের কাজে বাধা দেন, হামলা চালান এবং তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন বলে পুলিশের অভিযোগ।
পরিস্থিতির অবনতি হলে ওই রাতেই প্রিন্সকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়।
সদ্য সংবাদ/এজে