নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল বা শূন্য ঘোষণার নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট।
সোমবার (৯ নভেম্বর) উচ্চ আদালতের সংশ্লিষ্ট বেঞ্চ এ আবেদন খারিজের আদেশ দেন।
এর আগে গত ১৯ আগস্ট হাইকোর্টে রিটটি দায়ের করা হয়। হাতিয়ার বাসিন্দা নাজমুল হোসেনের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট এবিএম ইব্রাহিম খলিল আবেদনটি করেন।
রিটের পক্ষে আইনজীবীর অভিযোগ, সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ হলফনামার বিষয়বস্তু সম্পর্কে না জেনেই তাতে স্বাক্ষর করে জমা দিয়েছিলেন বলে নিজেই স্বীকার করেছেন। তাদের দাবি, এ ধরনের কর্মকাণ্ড হলফনামা জালিয়াতির শামিল। এ অভিযোগের আইনগত প্রতিকার চেয়েই আদালতের দ্বারস্থ হন তারা।
আবেদনে হলফনামা জালিয়াতির অভিযোগের ভিত্তিতে নোয়াখালী-৬ আসনটি কেন শূন্য ঘোষণা করা হবে না, তা জানতে সংশ্লিষ্টদের প্রতি রুল জারির নির্দেশনা চাওয়া হয়েছিল। তবে হাইকোর্ট আবেদনটি খারিজ করে দিয়েছেন।
সদ্য সংবাদ/এজে