পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষের কারণে সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে রাজধানী ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্প এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিন জেলার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বিজিবি সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ বজায় রাখা, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
বিজিবির মোতায়েন করা সদস্যদের ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও মিরপুর এলাকায় রাখা হয়েছে। নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইলসহ বিভিন্ন স্থানে তাঁরা দায়িত্ব পালন করছেন। এ ছাড়া গাজীপুরের চন্দ্রা, কালিয়াকৈর, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনাসহ গুরুত্বপূর্ণ এলাকাতেও বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।
শুধু মাঠপর্যায়ে সদস্য মোতায়েন নয়, শিল্পাঞ্চলের পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে বিজিবি সদরদপ্তর। এ জন্য গঠন করা মনিটরিং সেল থেকে প্রযুক্তির সহায়তায় বিভিন্ন এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। নজরদারির কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ ব্যবহার করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি অব্যাহত রয়েছে।
সদ্য সংবাদ/এজে