ময়মনসিংহ নগরের সারদা ঘোষ রোডে জুলাই আন্দোলনের শহীদ রেদোয়ান হোসেন সাগরের স্মরণে নির্মিত স্মৃতিফলকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে অনশনে বসেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা।
রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত ১টার পর শহরের সাগর চত্বরে এ ঘটনা ঘটে। আগুনে স্মৃতিফলকের স্টিলের তৈরি কাঠামোটি পুড়ে বিবর্ণ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সোমবার (৯ নভেম্বর) বিকেল ৩টা পর্যন্ত চত্বরে অনশন কর্মসূচি চলছিল। এতে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ জেলা শাখার সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক সদস্য সচিব খলিলুর রহমান এবং জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আলী হোসেন।
আলী হোসেনের অভিযোগ, আওয়ামী লীগের যেসব নেতাকর্মী এলাকায় রয়ে গেছেন এবং প্রশাসনের আশ্রয়-প্রশ্রয়ে অবস্থান করছেন, তাঁদের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। তাঁর দাবি, স্মৃতিফলকে আগুন দেওয়ার মধ্য দিয়ে জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার না করা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।
এদিকে, ঘটনাটি তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য একজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, দীপাবলির রাতে আনুমানিক ১টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা শহীদ সাগর চত্বরে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিকেঘোষ রোড এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলের সঙ্গে আন্দোলনকারীদের মিছিলের ধাওয়া-পাল্টাধাওয়ার মধ্যে গুলিবিদ্ধ হন রেদোয়ান হোসেন সাগর। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পরে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্দোলনকারীরা ঘটনাস্থলটির নাম দেন ‘সাগর চত্বর’ এবং সেখানে তাঁর ছবি সংবলিত একটি স্টিলের স্মৃতিফলক স্থাপন করেন।
সদ্য সংবাদ/এজে