পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা এবং নাশকতায় অর্থ জোগানোর অভিযোগে সাভারে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার সালাউদ্দিন আহমেদ সোহেল সাভার পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। গত শনিবার (৭ নভেম্বর) রাতে সাভার পৌরসভার ব্যাংক টাউন এলাকা থেকে তাঁকে আটক করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা মো. শাহাদাৎ হোসেনের ছেলে।
পুলিশের দাবি, সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান কর্মসূচিকে পুঁজি করে একটি পক্ষ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এ কাজে তৃতীয় পক্ষ হিসেবে যুক্ত হয়ে শ্রমিকদের উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে সোহেলের বিরুদ্ধে। একই সঙ্গে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিভিন্নভাবে অর্থ সহায়তা দেওয়ার অভিযোগও পেয়েছে পুলিশ।
এসব অভিযোগের বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়ার পর অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশের আরও ভাষ্য, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় ছাত্র হত্যার ঘটনায় দায়ের করা একটি মামলার আসামি সোহেল। এ ছাড়া মাদক সংশ্লিষ্টতার তথ্যও তাঁর বিরুদ্ধে পাওয়া গেছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে। পোশাকশিল্প খাতে অস্থিরতা সৃষ্টির ঘটনায় দায়ের করা ২১ নম্বর মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
সদ্য সংবাদ/এজে