ঢাকা-আরিচা মহাসড়কের সাভার অংশে কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে গেন্ডা ও বলিয়ারপুর এলাকায় পার্কিং করে রাখা একটি পোশাক শ্রমিকবাহী বাস এবং ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়।
সোমবার (৯ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ১টার দিকে গেন্ডা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা পোশাক শ্রমিকদের বহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এরপর ভোর ৪টার দিকে বলিয়ারপুর বাসস্ট্যান্ড এলাকায় টাটা সার্ভিসিং সেন্টারের সামনে পার্কিং করা ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। দ্বিতীয় ঘটনাস্থলেও দ্রুত পৌঁছে আগুন নেভান ফায়ার সার্ভিসকর্মীরা।
জাহাঙ্গীর আলম জানান, দুটি ঘটনাই পৃথক স্থানে ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা বাস দুটিতে আগুন দিয়েছে।
তবে কারা এ ঘটনায় জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
সদ্য সংবাদ/এজে