মাত্র ৪০ দিনে পবিত্র কোরআন শরীফের ৩০ পারা ও ১১৪টি সূরা হাতে লিখে আগেই সবার নজর কেড়েছিল খুলনার শিশু অরিনা সাফা খান। এবার নিজের হাতে লেখা সেই কোরআন শরীফ প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দিয়ে নতুন করে আলোচনায় এসেছে নয় বছর বয়সী এই শিক্ষার্থী।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা সফরের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বিশেষ এই উপহার দেয় অরিনা। শিশুটির কাছ থেকে হাতে লেখা কোরআন শরীফটি গ্রহণ করে বিস্ময় ও আনন্দ প্রকাশ করেন সরকারপ্রধান।
সাক্ষাতের একপর্যায়ে প্রধানমন্ত্রী অরিনার কাছে জানতে চান, পবিত্র কোরআন শরীফের সম্পূর্ণ অংশ সে নিজেই লিখেছে কি না। অরিনা নিজের হাতে লেখার বিষয়টি নিশ্চিত করলে খুশি হন প্রধানমন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে নিজের ভালো লাগার কথাও জানায় শিশুটি।
কেন প্রধানমন্ত্রীকে কোরআন শরীফ উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সে বিষয়ে অরিনা জানায়, প্রধানমন্ত্রীর খুলনায় আসার খবর পেয়ে তাঁকে কী উপহার দেওয়া যায়, তা নিয়ে ভাবছিল সে। পরে নিজের হাতে লেখা পবিত্র কোরআনকেই সবচেয়ে মূল্যবান উপহার হিসেবে বেছে নেয়।
প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথমবার কথা বলার অভিজ্ঞতা জানাতে গিয়ে অরিনা বলে, শুরুতে কিছুটা ভয় ও অস্বস্তি কাজ করছিল। তবে প্রধানমন্ত্রী কথা বলার পর সেই সংকোচ কেটে যায়। তাঁর সঙ্গে কথা বলার সময় পরিবারের কারও সঙ্গে কথা বলার মতো অনুভূতি হয়েছে বলেও জানায় সে।
অরিনার হাতে লেখা কোরআন শরীফটিতে রয়েছে মোট ৭২৯ পৃষ্ঠা। পুরো কোরআন লিখতে তার সময় লেগেছে মাত্র ৪০ দিন। মাত্র নয় বছর বয়সেই এমন ব্যতিক্রমী কাজ করে আগেই পরিচিতি পেয়েছিল সে।
খুলনার খালিশপুরের গোয়ালখালী এলাকার বাসিন্দা অরিনা বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, খুলনার পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করে। তার বাবা মো. শুকুর আলী খান এবং মা রাশিদা বেগম। পরিবারের অনুপ্রেরণা ও সহযোগিতায় ছোটবেলা থেকেই আরবি লেখার প্রতি আগ্রহ তৈরি হয় অরিনার।
নিজের হাতে লেখা পবিত্র কোরআন দেশের প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া এবং তাঁর সঙ্গে সরাসরি কথা বলার অভিজ্ঞতা—দুটি ঘটনাই অরিনার জীবনে স্মরণীয় হয়ে থাকছে।
সদ্য সংবাদ/এজে