মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলনের মধ্যে হামলায় প্রাণ হারানো পোশাকশ্রমিক তৌফিক হোসেনের পরিবারের আর্থিক ও ভবিষ্যৎ নিরাপত্তার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে তার কর্মস্থল লায়লা স্টাইল লিমিটেড। নিহতের স্ত্রীকে চাকরি দেওয়ার পাশাপাশি সদ্য জন্ম নেওয়া সন্তানের দেখভালের দায়িত্বও পালনের আশ্বাস দিয়েছে প্রতিষ্ঠানটি।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামে তৌফিকের বাড়িতে যান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তারা এবং আর্থিক সহায়তা তুলে দেন।
এ সময় তৌফিকের স্ত্রীর হাতে দুই লাখ টাকা প্রদান করা হয়। পাশাপাশি পরিবারের বসতভিটার জমি পুনরুদ্ধারের জন্য দেওয়া হয় আরও ৬০ হাজার টাকা। প্রতিষ্ঠানটির সিএফও মিন্টু সাহা এই অর্থ প্রদান করেন।
জানা গেছে, স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে সম্প্রতি বিক্রি হয়ে যাওয়া বসতভিটার জায়গাটি পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রয়োজনীয় অর্থ সহায়তা দিয়েছে প্রতিষ্ঠানটি।
শুধু তাৎক্ষণিক আর্থিক সহায়তাতেই সীমাবদ্ধ থাকছে না প্রতিষ্ঠানটির উদ্যোগ। তৌফিকের স্ত্রীকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার পাশাপাশি নবজাতক সন্তানের দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন কর্মকর্তারা। ভবিষ্যতেও পরিবারটির পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তারা।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে যখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছিল তৌফিকের স্বজনরা, তখন কর্মস্থল কর্তৃপক্ষের এই উদ্যোগ তাদের নতুন করে বেঁচে থাকার আশ্বাস দিচ্ছে।
সদ্য সংবাদ/এসএস