রাঙামাটি পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অপহরণ, মাদক কারবার ও মাদক সেবনের অভিযোগে আটজনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া বখাটে কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে। সব মিলিয়ে পুলিশের এ অভিযানে আটক হয়েছেন ১৫ জন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) কোতয়ালী থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে অভিযানটি চালানো হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অপহরণ-সংশ্লিষ্ট অপরাধে জড়িত থাকার অভিযোগে মো. মাসুম (২১) ও মো. জাকির হোসেন (৪৩) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক কারবারের অভিযোগে আটক করা হয়েছে মো. মামুনুর রশিদ (৩১), মো. কামাল হোসেন (৩৯) ও মোরশেদ আলম ওরফে মুনাফ ড্রাইভারকে (৩৭)।
এ ছাড়া অসংলগ্ন অবস্থায় লিটন বড়ুয়া (৪৮), বিন্দু চন্দ্র দে (৪৭) ও আব্দুর রহমান ওরফে সিহাবকে (৩৫) আটক করে পুলিশ।
অভিযানে ১৬ থেকে ২১ বছর বয়সী আরও সাতজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বখাটে কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন কিশোরও ছিল।
পুলিশ জানায়, কিশোরদের অভিভাবকেরা তাদের সংশোধনের সুযোগ দেওয়ার আবেদন করেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে যাচাই-বাছাই শেষে মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
রাঙামাটি জেলা পুলিশ জানিয়েছে, আটক অন্য ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সদ্য সংবাদ/এজে