লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৪৬৭টি মোবাইল ডিসপ্লে, ৫ কেজি গাঁজা ও ৫০ বোতল মদ। এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ২৮ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা।
শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) পরিচালিত বিশেষ টহলে পঁয়ষট্টিবাড়ী ও সিংগীমারী সীমান্ত ফাঁড়ির সদস্যরা এসব পণ্য উদ্ধার করেন।
বিজিবি জানায়, রাত ২টা ৪০ মিনিটের দিকে পঁয়ষট্টিবাড়ী বিওপির একটি দল সীমান্তের প্রায় ৫০০ গজ ভেতরে পঁয়ষট্টিবাড়ী এলাকায় তল্লাশি চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৪৬৭ পিস ভারতীয় উন্নতমানের মোবাইল ডিসপ্লে পাওয়া যায়।
এর কয়েক ঘণ্টা পর, ভোর ৫টা ২০ মিনিটে সিংগীমারী বিওপির সদস্যরা কানিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। সীমান্তের প্রায় ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চালানো এ অভিযানে উদ্ধার করা হয় ৫ কেজি ভারতীয় গাঁজা ও ৫০ বোতল মদ।
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাঃ শাহীনূল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স জানান, সীমান্ত দিয়ে মাদক প্রবেশ, চোরাচালান ও অবৈধ বাণিজ্য প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান বাড়ানো হয়েছে।
সীমান্ত এলাকায় অপরাধ দমন ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সদ্য সংবাদ/এসএস