দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার

স
সদ্য সংবাদ ডেস্ক
২৯ অক্টোবর, ২০২৬ ১৮:৫৮:২৯
ছবি: সংগৃহীত

দুর্নীতিকে দেশের উন্নয়নের অন্যতম প্রধান প্রতিবন্ধক হিসেবে উল্লেখ করে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, দুর্নীতি ও দেশপ্রেমের ঘাটতির কারণে বাংলাদেশকে মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার পথে বাধা তৈরি হয়েছিল। নতুন বাংলাদেশে দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে শিক্ষার মানোন্নয়ন নিয়ে আয়োজিত ‘শিক্ষাঙ্গণ থেকে জাতীয় ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কায়সার কামাল বলেন, একসময় সমাজের বিভিন্ন পর্যায়ে দুর্নীতি ছড়িয়ে পড়েছিল। ঠিকাদারদের পাশাপাশি কিছু শিক্ষকের বিরুদ্ধেও দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ ছিল। তাঁর মতে, দুর্নীতির কারণে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে এবং মানবিক বাংলাদেশ গঠনের প্রচেষ্টাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের প্রত্যাশা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়ে তোলা প্রয়োজন। বর্তমান সরকার আধুনিক, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

ডেপুটি স্পিকার আরও বলেন, দেশের সব ধর্মের মানুষ যেন সমান মর্যাদা নিয়ে বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্য অর্জনে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। কারণ, আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবেন।

২০২৪ সালের আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশকে ফ্যাসিবাদমুক্ত করার আন্দোলনে শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছেন। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে নতুন রাজনৈতিক বাস্তবতা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রত্যাশা তৈরি হয়েছে।

শিক্ষার পরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিয়েও বক্তব্য দেন কায়সার কামাল। তিনি বলেন, শিক্ষার সুযোগ থেকে ঝরে পড়া অনেক কিশোর অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে কিশোর গ্যাংয়ের সদস্য হয়ে উঠতে পারে। এর পেছনে সুশিক্ষার অভাব একটি গুরুত্বপূর্ণ কারণ। তাই শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী রাখা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে হবে।

ছাত্রীদের নিরাপত্তার বিষয়ে তিনি জানান, সড়কে ইভটিজিং প্রতিরোধে প্রতিটি স্কুলের সামনে সাদা পোশাকে পুলিশ মোতায়েন রাখার ব্যবস্থা করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা গেলে শিক্ষার্থীরা নির্বিঘ্নে পড়াশোনা করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।

হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ জি কে গউছ, পুলিশ সুপার তারেক মাহমুদ এবং হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আবদুল মজীদ।

মতবিনিময় সভা শেষে সন্ধ্যায় হবিগঞ্জের এক আইনজীবীর শোকসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন ডেপুটি স্পিকার।

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা তামাকভর্তি ১০ কনটেইনার জব্দ সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা তামাকভর্তি ১০ কনটেইনার জব্দ সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই