রাজধানীর উত্তরখান এলাকায় তুরাগ নদ থেকে তাহসিফ সাউরি নামে বাংলাদেশ বিমানবাহিনীর এক সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে উদ্ধার হওয়া মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন নৌ-পুলিশের ঢাকা রিজিয়নের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।
নৌ-পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত থেকে নিখোঁজ ছিলেন তাহসিফ। পরে বুধবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর আসার পর সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। সেখানে অনুসন্ধানের একপর্যায়ে বিকেল সাড়ে ৪টার দিকে নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ উদ্ধারের পর তাহসিফের এক আত্মীয়কে বিষয়টি জানানো হয়েছে। এরপর আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।
তাহসিফ সাউরি বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক সামরিক পাইলট ও কর্মকর্তা ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণভবন ছাড়ার একটি ভিডিও ধারণের সঙ্গে তাঁর নাম জড়িয়ে একটি তথ্য প্রচলিত রয়েছে। তবে ওই ভিডিও ধারণের বিষয়ে তাঁর সম্পৃক্ততার তথ্য স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
তাহসিফের মৃত্যুর কারণ এবং কী পরিস্থিতিতে তাঁর মরদেহ নদীতে পাওয়া গেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
সদ্য সংবাদ/এসএস