নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিও নিয়ে জেলাজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে তাঁর ব্যানার, ফেস্টুন ও পোস্টার ছিঁড়ে ফেলার খবর পাওয়া গেছে। পাশাপাশি তাঁর পদত্যাগের দাবিও তুলেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের কেউ কেউ।
মঙ্গলবার রাতে আশফাক আহমেদ নামের এক প্রবাসীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনটি ভিডিও প্রকাশ করা হয়। প্রায় পাঁচ মিনিটের এসব ভিডিওতে আব্দুল আজিজকে এক নারীর সঙ্গে ব্যক্তিগত ও স্পর্শকাতর কথাবার্তা বলতে দেখা যায়।
ভিডিওগুলো ছড়িয়ে পড়ার পর বড়াইগ্রামের বনপাড়া বাইপাস চত্বরসহ বিভিন্ন স্থানে এমপির ব্যানার, ফেস্টুন ও পোস্টার ছিঁড়ে ফেলেন ক্ষুব্ধ নেতা-কর্মীরা বলে জানা গেছে। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও উত্তেজনা তৈরি হয়েছে।
এর আগে নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় এমপি আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। মঙ্গলবার বিকেলে আদালতে তাঁর ১০ দিনের রিমান্ড চাওয়া হলে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
একই দিন রাতে শাকিল ইসলামের জানাজায় বক্তব্য দেন আব্দুল আজিজ। এ সময় সেখানে উপস্থিত নেতা-কর্মীদের একাংশ তাঁর বক্তব্যের বিরোধিতা করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এসব ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে বিতর্ক আরও জোরালো হয়।
সদ্য সংবাদ/এসএস