একসময় টেলিভিশন, মঞ্চ ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন অভিনেতা সমু চৌধুরী। তবে দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছেন এই অভিনেতা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়। এবার তাঁর চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহনের উদ্যোগ নিয়েছে অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ।
সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানিয়েছেন, সমু চৌধুরীর চিকিৎসার বিষয়ে তাঁর পরিবারের সম্মতি পাওয়া গেছে। এরই মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়াও শুরু হয়েছে। সংগঠনের তত্ত্বাবধানেই তাঁর চিকিৎসা কার্যক্রম পরিচালিত হবে এবং চিকিৎসার সব খরচ বহন করবে অভিনয়শিল্পী সংঘ।
সম্প্রতি সমু চৌধুরীর বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ভিডিওতে তাঁকে অস্বাভাবিক অবস্থায় দেখা যায়। কখনো বাজারে, কখনো মাজারে, আবার কখনো গানের আসরে তাঁর উপস্থিতির দৃশ্য সামনে আসে। এসব ভিডিওকে কেন্দ্র করে অনেকে ব্লগ ও বিভিন্ন কনটেন্ট তৈরি করেন। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তাঁর পাশে দাঁড়ানোর আহ্বান জানান সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
এর মধ্যে সমু চৌধুরীর মা জয়নব চৌধুরী সংবাদমাধ্যমকে জানান, কয়েক বছর ধরে তাঁর ছেলে মানসিক অসুস্থতায় ভুগছেন। আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা করানোও কঠিন হয়ে পড়েছে পরিবারের জন্য।
অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানান, সমু চৌধুরীর অসুস্থতার বিষয়টি তাঁরা আগে থেকেই নজরে রেখেছেন। প্রায় তিন বছর আগে তাঁর একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর সংগঠনের সদস্যরা তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। সে সময় তাঁকে নিরাপদ স্থানে নেওয়ার ব্যবস্থাও করা হয়।
তখনই তাঁর চিকিৎসার উদ্যোগ নিতে চেয়েছিল সংগঠনটি। তবে পরিবারের সম্মতি না থাকায় তা এগিয়ে নেওয়া সম্ভব হয়নি। এবার পরিবারের অনুমতি পাওয়ায় চিকিৎসার ব্যবস্থা করতে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে বলে জানান রাশেদ মামুন অপু।
সমু চৌধুরীর এই সংকটময় সময়ে অভিনয়শিল্পী সংঘের উদ্যোগকে তাঁর চিকিৎসা ও সুস্থতার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
সদ্য সংবাদ/এসএস