নাগরিকদের বিভিন্ন সমস্যা সমাধান ও সরকারি সেবা প্রাপ্তি সহজ করতে শেরপুরে গণশুনানির আয়োজন করেছে জেলা প্রশাসন। এতে জেলার বিভিন্ন এলাকার ১৯২ জন আবেদনকারী তাঁদের সমস্যা ও প্রয়োজনের কথা তুলে ধরেন। তাঁদের মধ্যে ১৬৬ জনকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।
গণশুনানিতে অংশ নেওয়া ব্যক্তিদের আবেদনে চিকিৎসার ব্যয় বহন, আর্থিক সংকট, শিক্ষা ও বাসস্থানের সমস্যা, প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা এবং ভূমি-সংক্রান্ত বিরোধসহ বিভিন্ন নাগরিক সমস্যা উঠে আসে। আবেদনকারীদের বক্তব্য শুনে জেলা প্রশাসক প্রয়োজন অনুযায়ী পরামর্শ দেন এবং কিছু বিষয়ে তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নেন। যেসব সমস্যার সমাধানে অন্য দপ্তরের সহযোগিতা প্রয়োজন, সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গণশুনানিতে আর্থিক সংকটে থাকা ১৬৬ জনকে জেলা প্রশাসকের নিজস্ব তহবিল থেকে সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া শারীরিক প্রতিবন্ধকতার কারণে চলাচলে অসুবিধায় থাকা দুজনকে হুইলচেয়ার দেওয়া হয়। পাশাপাশি ওষুধ কেনার জন্য আরও দুজনকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
তাৎক্ষণিক সহায়তার আওতায় না আসা আবেদনকারীদের বিষয়গুলোও বিবেচনায় নেওয়া হয়েছে। তাঁদের আবেদন যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সরকারি দপ্তরে পাঠানো হয়েছে। এসব বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
জনসাধারণের অভিযোগ সরাসরি শোনা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং প্রশাসনিক সেবা সহজলভ্য করার লক্ষ্যেই এ ধরনের গণশুনানির আয়োজন করা হচ্ছে। নাগরিকদের ভোগান্তি কমাতে ভবিষ্যতেও এ কার্যক্রম চালু রাখার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সদ্য সংবাদ/এসএস