ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শিশু চুরি ও অপহরণের মামলায় কারাবন্দী সাবিনা (২৮) অবশেষে জামিন পেয়েছেন। প্রায় চার মাস কারাগারে থাকার পর বুধবার (২৮ অক্টোবর) সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর আইনজীবী মো. জহিরুল ইসলাম।
গত ১৭ জুন একটি শিশুকে সঙ্গে নিয়ে আখাউড়া দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজার এলাকায় যাওয়ার পর স্থানীয়দের সন্দেহের মুখে পড়েন সাবিনা। পরে শিশুসহ তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। খবর পেয়ে শিশুটির অভিভাবক থানায় এসে শিশুটিকে নিয়ে যান এবং সাবিনার বিরুদ্ধে চুরি ও অপহরণের অভিযোগে মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তারের পর থেকেই কারাগারে ছিলেন তিনি।
সাবিনার পারিবারিক জীবনও বেশ সংকটের মধ্যে কাটছে। তাঁর স্বামী সফিক মিয়া আখাউড়া রেলওয়ে স্কুলের পূর্ব পাশে একটি ভাড়া বাসায় থাকেন। জীবিকা নির্বাহের জন্য তিনি বিভিন্ন জায়গা থেকে ভাঙারি সংগ্রহ করে বিক্রি করেন। তিন সন্তানকে নিয়ে আর্থিক অনটনের মধ্যে দিন কাটছিল তাঁর।
সাবিনার কারাবন্দী থাকার বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে ঘটনাটি নিয়ে আলোচনা তৈরি হয়। এ পরিস্থিতিতে তাঁর পক্ষে বিনা পারিশ্রমিকে আইনি সহায়তা দিতে এগিয়ে আসেন আইনজীবী মো. জহিরুল ইসলাম। তাঁকে সহযোগিতা করেন এপিপি অ্যাডভোকেট সোহেল ভূইয়া, অ্যাডভোকেট কাজী সাবিত খাদেম এবং অ্যাডভোকেট কাজী মো. রনি মিয়া।
জামিন পাওয়ার খবরে স্বস্তি প্রকাশ করেছেন সাবিনার স্বামী সফিক মিয়া। তাঁর দাবি, তাঁর স্ত্রী মানসিক অসুস্থতায় ভুগছেন এবং কোনো অপরাধ করেননি। স্ত্রী কারাগারে থাকায় তিন সন্তানকে নিয়ে তাঁকে চরম দুর্ভোগে পড়তে হয়েছে বলেও জানান তিনি।
সফিক মিয়া বলেন, অভাবের সংসারে সন্তানদের দেখাশোনা করতে তাঁকে অনেক কষ্ট করতে হয়েছে। তাঁর স্ত্রীর জামিন হওয়ায় তিনি আনন্দিত।
সদ্য সংবাদ/এসএস