শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে চোরাই পথে আনা ভারতীয় প্রসাধনসামগ্রীর একটি চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৬০ হাজার ৫৫০ টাকা। তবে অভিযানের সময় কাউকে আটক করা যায়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার (২৮ অক্টোবর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে জেলার সীমান্তবর্তী বাবলাকোনা এলাকায় অভিযান চালান ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর কর্ণঝোড়া ক্যাম্পের সদস্যরা।
অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি বুঝতে পেরে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান। পরে সেখানে থাকা ভারতীয় কসমেটিকস জব্দ করেন বিজিবি সদস্যরা। জব্দ করা পণ্যের মূল্য নির্ধারণ করা হয় ৮ লাখ ৬০ হাজার ৫৫০ টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের নিরাপত্তা রক্ষার পাশাপাশি অবৈধ পণ্য পরিবহন বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
সদ্য সংবাদ/এসএস