নারায়ণগঞ্জের চাষাঢ়ায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ছাড়পত্র ছাড়া বাধ্যতামূলক আমদানিকৃত প্রসাধনী পণ্য বিক্রি ও বিতরণের দায়ে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।
বিএসটিআই আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা যায়, চাষাঢ়ার উকিলপাড়ায় টপ টেন মার্ট লিমিটেড নামের প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় বিএসটিআইয়ের বাধ্যতামূলক তালিকাভুক্ত আমদানিকৃত বিভিন্ন প্রসাধনী পণ্য ছাড়পত্র ছাড়াই বিক্রি ও বিতরণের বিষয়টি ধরা পড়ে।
এসব পণ্যের মধ্যে ছিল টয়লেট সোপ, স্কিন ক্রিম, হেয়ার অয়েল, আই কেয়ার পণ্য, লোশন, লিপস্টিক, নেইলপলিশ, বেবি শ্যাম্পু, বেবি অয়েল, বেবি লোশন, শ্যাম্পু, টুথপেস্ট, ফেসওয়াশ ও বডিওয়াশ।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুনিম সোহানা প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে দ্রুত বিএসটিআই থেকে প্রয়োজনীয় ছাড়পত্র নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
অভিযানে বিএসটিআই নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক (সিএম) ইবাদত মানিক ও পরিদর্শক (মেট্রোলজি) মো. শাহজাহান উপস্থিত ছিলেন। প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার (সিএম) মাকসুদা রুনা।
বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নারায়ণগঞ্জ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সদ্য সংবাদ/ এআর