জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে দলের সমালোচনা করে পোস্ট দেওয়ার পর পদ হারালেন জামালপুর জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক জাকিরুল হক। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিজের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন জাকিরুল হক। এর একদিন আগে সোমবার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।
কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে জামালপুর জেলা শাখার সহসাধারণ সম্পাদক জাকিরুল হককে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
দলীয় সূত্রে জানা যায়, জ্বালানি তেলের দাম বাড়ার পর বিষয়টি নিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ক্ষোভ প্রকাশ করেন জাকিরুল। পোস্টে তিনি ধানের শীষের পক্ষে যাদের কাছে ভোট চেয়েছেন, তাদের কাছে ক্ষমা চাওয়ার কথা উল্লেখ করেন। একই পোস্টে ভোট চাওয়ার বিষয়টি নিয়েও হতাশা প্রকাশ করেন তিনি।
পোস্টে জাকিরুল আরও বলেন, দলের চেয়ে দেশকে প্রাধান্য দেন তিনি এবং সাধারণ মানুষের স্বার্থের পক্ষে থাকার কথা জানান।
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দলীয় পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। এরপর কেন্দ্রীয় ছাত্রদল সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।
বহিষ্কারের বিষয়ে জাকিরুল হক বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সোমবার সকালে তিনি ফেসবুকে পোস্টটি দিয়েছিলেন। এরপরই তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত মেনে নিয়েছেন বলেও জানান তিনি।
জাকিরুল হকের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের গুনারীতলা পূর্বপাড়া এলাকায়। তিনি ওই এলাকার সামিউল হকের ছেলে।
ফেসবুক পোস্টের জেরে একজন জেলা পর্যায়ের ছাত্রদল নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ঘটনাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
সদ্য সংবাদ/এসএস