সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রতারণার ঘটনা বেড়ে যাওয়ায় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) প্রশাসন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের শিক্ষা শাখা থেকে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারক চক্র বিভিন্ন কৌশলে বিকাশ, নগদসহ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের PIN, OTP, Verification Code ও Account Information সংগ্রহ করে আর্থিক প্রতারণা করছে। বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের এ ধরনের প্রতারণা থেকে নিরাপদ রাখতে সবাইকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।
প্রশাসনের সতর্কবার্তায় বলা হয়েছে, কোনো ব্যক্তির সঙ্গে PIN, OTP, Verification Code, Password কিংবা Account Information কোনো অবস্থাতেই শেয়ার করা যাবে না। ফোন করে কেউ টাকা পাঠাতে, কোনো কোড জানাতে কিংবা কোনো লিংকে প্রবেশ করতে বললেও তাতে সাড়া না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী বা পরিচিত কোনো ব্যক্তির পরিচয় ব্যবহার করে কেউ আর্থিক লেনদেনের অনুরোধ জানালে পরিচয় ও বিষয়টি যথাযথভাবে যাচাই না করে কোনো ধরনের লেনদেন না করার জন্য সতর্ক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সন্দেহজনক কোনো ফোনকল, এসএমএস, মেসেজ বা লিংক পেলে তাতে সাড়া না দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। কেউ প্রতারণার শিকার হলে দ্রুত সংশ্লিষ্ট মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিকটস্থ থানায় বিষয়টি জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।
নোবিপ্রবি প্রশাসন জানিয়েছে, এ ধরনের প্রতারণা প্রতিরোধে বিশ্ববিদ্যালয়ের সব সদস্যের সচেতনতা গুরুত্বপূর্ণ। বিজ্ঞপ্তিতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সতর্কতা অবলম্বন এবং প্রতারণা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।
নোবিপ্রবির রেজিস্ট্রার দপ্তরের শিক্ষা শাখা থেকে বিজ্ঞপ্তিটি ৮ অক্টোবর ২০২৬ তারিখে জারি করা হয়।
সদ্য সংবাদ/ এআর