ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, আইন-শৃঙ্খলা রক্ষায় প্রত্যেক পুলিশ সদস্যকে নিজ নিজ দায়িত্ব সততা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করতে হবে। অপরাধীর কোনো দল, মত বা সামাজিক শ্রেণি নেই। পুলিশকে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের স্বার্থে নয়, জনগণের কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করতে হবে।
সোমবার (১৩ জুলাই) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলনকক্ষে জুন-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, রাজধানীতে অবৈধ অস্ত্র উদ্ধার, ছিনতাইকারী, মাদক কারবারি ও চাঁদাবাজদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। কোনো ধরনের অপরাধ যাতে সংঘটিত হতে না পারে, সে জন্য পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।
তিনি আরও বলেন, ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে। তবে দায়িত্বে অবহেলা, শৃঙ্খলাভঙ্গ বা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সভায় জুন মাসে ঢাকা মহানগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পুরস্কৃত করেন কমিশনার।
তিনি আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ রাজধানীর আইন-শৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।