ওমানের রাজধানী মাস্কেটের আজেইবা এলাকায় সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন কক্সবাজার এবং দুজন কুমিল্লা জেলার বাসিন্দা।
বাংলাদেশ কমিউনিটি সূত্র জানায়, ভোরে একটি প্রাইভেট কারে করে কর্মস্থলে যাওয়ার পথে তাদের গাড়ির সঙ্গে আরেকটি গাড়ির সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা চারজনকেই মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন কক্সবাজারের রামু উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের মন্ডল পাড়ার সাঈদ নুরের ছেলে লোকমান হাকিম রুমেল (৪৩) এবং উখিয়া উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের ঝুমকা নাপিত পাড়ার হাসি রাম শীলের ছেলে প্রদীপ শর্মা নিলয় (৩৪)। অপর দুইজন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সিডালির মো. শাহজাহানের ছেলে মো. রুবেল (৩১) এবং মনোহরগঞ্জ উপজেলার আবু তাহেরের ছেলে হারুন অর রশিদ (৩২)।
নিহতদের মরদেহ বর্তমানে মাস্কেটের রিছাইল মদিনাতুল তাব্বা এলাকার মেডিকেল সিটি মিলিটারি হাসপাতাল (এমসিএমএসএস)-এর হিমঘরে রাখা হয়েছে। দুর্ঘটনায় আহত গাড়িচালক, বাংলাদেশি নাগরিক সাঈদ আশঙ্কাজনক অবস্থায় নগরীর কোলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার বাড়ি কুমিল্লা জেলায়।
ওমানের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ওমানের আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নিহতদের মরদেহ দেশে পাঠানো হবে।
এ মর্মান্তিক দুর্ঘটনার খবরে ওমানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।