নির্বাচনের আগে তড়িঘড়ি নিয়োগ জাবিপ্রবিতে; পদোন্নতি বঞ্চিত কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
জামালপুরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে তড়িঘড়ি করে বিভিন্ন পদে নিয়োগ ও পদোন্নতির অভিযোগ উঠেছে। পছন্দের প্রার্থীদের নিয়োগ এবং যোগ্য কর্মকর্তাদের পদোন্নতি না দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের পদোন্নতি বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে চরম অসন্তোষ।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে তিনজন শিক্ষক ও চারজন কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ইইই বিভাগে দুইজন প্রভাষক, ইংরেজি বিভাগে একজন প্রভাষক এবং কর্মকর্তা হিসেবে রেজিস্ট্রার, পরিচালক (অর্থ ও প্রশাসন), ডেপুটি রেজিস্ট্রার ও উপাচার্যের ব্যক্তিগত সচিব (পিএস টু ভিসি) পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের আবেদন আহ্বান জানানো হয়।

এর আগে, গত ১৬ মার্চ ২৯টি পদে ৪৫ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগের আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে পরীক্ষা নিয়ন্ত্রক, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক, নির্বাহী প্রকৌশলী, সহকারী পরিচালক (অর্থ ও প্রশাসন), সেকশন অফিসার, অডিট অফিসার, ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা, সহকারী বাজেট কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, হল সুপার, উপসহকারী প্রকৌশলী (সিভিল ও ইলেকট্রিক্যাল), সিনিয়র স্টাফ নার্স, নেটওয়ার্ক টেকনিশিয়ান, কেয়ারটেকার, ক্যাটালগার, টেকনিশিয়ান (জিওলজি), স্টোর কিপার, অফিস সহকারী কাম টাইপিস্ট, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, ড্রাইভার, ইলেকট্রিশিয়ান, ল্যাব অ্যাটেনডেন্ট, বাবুর্চি, স্টোর অ্যাটেনডেন্ট, অফিস সহায়ক ও পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের কথা বলা হয়।

নিয়োগ বিজ্ঞপ্তির পাশাপাশি পছন্দের লোকদের নিয়োগ ও পদোন্নতি দেওয়ার অভিযোগও উঠেছে। সম্ভাব্য প্রার্থীদের তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, যোগ্যতা ও আবেদন থাকা সত্ত্বেও একাধিক কর্মকর্তা-কর্মচারী পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন।

অভিযোগ রয়েছে, সব ধরনের মানদণ্ড পূরণ করেও সেকশন অফিসার হিজবুল্লাহসহ একাধিক সেকশন অফিসার, মেডিকেল অফিসার ডা. নীলিমা নাসরীন, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা খাইরুল ইসলাম ও সফিউর রহমান এবং প্রশাসনিক কর্মকর্তা নাফিউল সরকারের পদোন্নতি হচ্ছে না। অন্যদিকে, পছন্দের প্রার্থী হিসেবে হিসাবরক্ষণ কর্মকর্তা হাবিবুর রহমানকে সহকারী হিসাব পরিচালক পদে নিয়োগ দিতে কোনো বাধা মানা হচ্ছে না বলেও অভিযোগ রয়েছে।

এ অবস্থায় তৃতীয় শ্রেণির কর্মচারীদের মধ্যেও ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। জানা গেছে, তৃতীয় শ্রেণির ১১তম গ্রেডের ১২ জন কর্মচারী দীর্ঘদিন ধরে পদোন্নতি থেকে বঞ্চিত রয়েছেন। অথচ ১৬তম গ্রেডের কর্মচারীদের পদোন্নতি চূড়ান্ত করা হয়েছে বলে অভিযোগ করেছেন বঞ্চিতরা।

এদিকে, আগামী ৭ ফেব্রুয়ারি ঢাকায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মিলনায়তনে জাবিপ্রবির সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সভায় নিয়োগ ও পদোন্নতির চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে বলে জানা গেছে।

পদোন্নতি বঞ্চিত কর্মচারী নুরুল ইসলাম বলেন, 'আমাদের পদোন্নতির সময় অনেক আগেই পার হয়েছে। নানা অজুহাতে আমাদের বঞ্চিত করা হচ্ছে।'

কম্পিউটার অপারেটর জাহাঙ্গীর আলম বলেন, 'যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক কর্মকর্তা-কর্মচারী পদোন্নতি পাচ্ছেন না। ১৬তম গ্রেডের কর্মচারীদের পদোন্নতি দেওয়া হলেও ১১তম গ্রেডের কর্মচারীদের কোনো জায়গা নেই।'

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগ নতুন নয়। অফিস সহায়ক পদে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে স্থানীয় শাকিল নামের এক ব্যক্তির কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা নিয়ে উধাও হয়েছেন বিশ্ববিদ্যালয়ের বাসচালক বাবু মিয়া—এমন অভিযোগও উঠেছে। এ বিষয়ে বাবু মিয়ার মোবাইল ফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এছাড়া, আউটসোর্সিং কর্মচারী নার্গিস ও তানজিলাকে গত জুলাই মাসে নিয়োগ দেওয়া হলেও তাদের কাছ থেকে আট লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। যদিও তানজিলা বিষয়টি অস্বীকার করেছেন, তবে কোনো পরীক্ষা ছাড়াই কীভাবে চাকরি হয়েছে—সে বিষয়ে তিনি সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারেননি।

শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগ রয়েছে সহকারী রেজিস্ট্রার আহসান হাবিবের বিরুদ্ধেও। অভিযোগ রয়েছে, তার খালাতো ভাই ও শালা সোহেল রানাকে চাকরি দেওয়া হয়েছে এবং ব্যাচভিত্তিক পদোন্নতিতেও তার প্রভাব রয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের মাত্র পাঁচ দিন আগে সিন্ডিকেট সভা ডেকে নিয়োগ চূড়ান্ত করার উদ্যোগ নিয়েই প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সব পদে নিয়োগ না হলেও পছন্দের প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করতে তোড়জোড় চলছে।

এ বিষয়ে জানতে চাইলে জাবিপ্রবির উপ-উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মোশারফ হোসেন বলেন, 'নিয়ম-নীতির বাইরে কোনো কিছু হচ্ছে না এবং হবেও না। কেউ অযোগ্য হলে বা পদ্ধতিগত কারণে সময় লাগলে নিয়োগ বা পদোন্নতি বিলম্বিত হতে পারে। প্রমাণসহ সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। কাউকে অনিয়ম করে নিয়োগ বা পদোন্নতি দেওয়া হবে না এবং কাউকে বঞ্চিত করাও হচ্ছে না। সিন্ডিকেট সভায় সব প্রস্তাব পাশ হবে, এমনটাও নিশ্চিত নয়। নিয়ম অনুযায়ী সবাই পদোন্নতি পাবে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে