আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই বলে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, নির্বাচন কমিশন আওয়ামী লীগের দলীয় নিবন্ধন বাতিল করেছে। সে কারণে দলটি আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না। এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
ব্রিফিংয়ে ময়মনসিংহে দীপু চন্দ্র দাস হত্যার বিষয়ে শফিকুল আলম বলেন, এ ঘটনায় সরকার তীব্র নিন্দা জানিয়েছে। ভিডিও ও ভিজ্যুয়াল ফুটেজ বিশ্লেষণ করে অন্তত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, আইন উপদেষ্টা এদিন জানিয়েছেন যে মামলাটি দ্রুত বিচার আইনে পরিচালিত হবে। সংখ্যালঘুদের নিরাপত্তাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দুর্গাপূজাসহ অন্যান্য বড় ধর্মীয় উৎসবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল।
তারেক রহমানের প্রত্যাবর্তন প্রসঙ্গে প্রেস সচিব বলেন, বাংলাদেশে তাঁর ফিরে আসাকে সরকার স্বাগত জানায়। তাঁর প্রয়োজনীয় নিরাপত্তা বিষয়ে সরকারের সঙ্গে বিএনপির আলোচনা চলছে। বিএনপি যতটুকু নিরাপত্তা চাচ্ছে, সে বিষয়ে সমন্বয় করে তদারকি করা হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে।
এ সময় তিনি আরও জানান, ডেইলি স্টার ও প্রথম আলোর ঘটনায় ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ও ভিজ্যুয়াল ফুটেজের ভিত্তিতে এসব গ্রেপ্তার করা হয়েছে এবং অনেকের কাছ থেকে আলামত উদ্ধার করা হয়েছে।