সিরাজগঞ্জের সলঙ্গায় মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভেংড়ী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রামকৃষ্ণপুর ইউনিয়নের চকনিহাল গ্রামের মোজাম্মেল হকের ছেলে ওসমান গণি (২২), একই গ্রামের আব্দুল মতিনের ছেলে স্বাধীন (২২), অলিদহ গ্রামের শাহ আলমের ছেলে সুমন মিয়া (২১) এবং তাড়াশ উপজেলার মথুরাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মাছুম আহম্মেদ (২২)।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার সকালে ভেংড়ী এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা চারটি হাইস গাড়ি নিয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। পরে শনিবার বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সদ্য সংবাদ/এআর