কলাপাড়ায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিদা বেগমের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি মাসের অধিকাংশ দিন অফিসে অনুপস্থিত থাকলেও একদিনে হাজিরা খাতায় একাধিক দিনের স্বাক্ষর করেন। একই সঙ্গে শিক্ষক বদলি, বিভিন্ন প্রশাসনিক অনুমোদন, সরকারি বরাদ্দ এবং উন্নয়ন প্রকল্পের অর্থ থেকে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

সূত্র জানায়, নিয়মবহির্ভূতভাবে শিক্ষকদের ডেপুটেশনে বদলির ক্ষেত্রে ৩০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়। এ ছাড়া পিআরএল, এলপিআর, শ্রান্তি বিনোদন ছুটি, মাতৃত্বকালীন ছুটি, ঋণ আবেদন, টিএ বিল, পেনশনসহ বিভিন্ন প্রশাসনিক কাজেও অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে। অফিস কন্টিনজেন্সি খাতে কম্পিউটার মেরামত, কালি, কাগজ-কলম বাবদ বরাদ্দকৃত প্রায় ১ লাখ ২০ হাজার টাকা যথাযথভাবে ব্যয় না করার অভিযোগও উঠেছে।

অভিযোগে আরও বলা হয়, স্কুলভিত্তিক ইন্টারনেট, পরিচ্ছন্নতা, গোল্ডকাপ, কন্টিনজেন্সি, ক্ষুদ্র মেরামত, স্লিপ প্রকল্প এবং ‘ইমার্জেন্সি ইন এডুকেশন’ কর্মসূচির বরাদ্দ থেকেও নির্দিষ্ট হারে অর্থ নেওয়া হয়। এ ছাড়া নির্বাচনী কেন্দ্র সংস্কার এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রবেশপত্র বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থ নিয়েও প্রশ্ন উঠেছে।

শিক্ষক সংকট থাকা সত্ত্বেও একাধিক বিদ্যালয় থেকে ডেপুটেশনের মাধ্যমে শিক্ষক সরিয়ে নেওয়ায় পাঠদান ব্যাহত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। পূর্ব পাটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩০৪ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক রয়েছেন মাত্র দুজন। চর গঙ্গামতি, গোলবুনিয়া, চরপাড়া পক্ষীয়া পাড়া, বৌলতলী সৈয়দপুর, পশ্চিম ধানখালীসহ আরও কয়েকটি বিদ্যালয়েও একই ধরনের সংকট চলছে। অন্যদিকে তুলনামূলকভাবে শিক্ষক বেশি থাকা কিছু বিদ্যালয় থেকে আবার ডেপুটেশনে শিক্ষক পাঠানো হয়েছে বলে অভিযোগ।

গোলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বাদল বলেন, ডেপুটেশনে একজন শিক্ষক চলে যাওয়ায় মাত্র দুজন শিক্ষক দিয়ে ১০২ শিক্ষার্থীর পাঠদান পরিচালনা করতে হচ্ছে।

দক্ষিণ-পূর্ব ছোট বালিয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম বলেন, তাদের বিদ্যালয়ে ছয়টি পদের বিপরীতে চারজন শিক্ষক কর্মরত। এর মধ্যে একজন ডেপুটেশনে অন্যত্র দায়িত্ব পালন করায় পাঠদান ব্যাহত হচ্ছে।

ডেপুটেশনে বদলি হওয়া শিক্ষক বৃষ্টি এ বিষয়ে শিক্ষা অফিসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। অপর শিক্ষক সুস্মিতা মিত্রের পরিবার দাবি করেছে, কোনো তদবির ছাড়াই তার ডেপুটেশন হয়েছে। তবে দুর্ঘটনায় আহত পক্ষীয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরুমা পারভীন জানান, অসুস্থ অবস্থায় আবেদন করেও তিনি ডেপুটেশন পাননি।

অভিযোগ রয়েছে, উপজেলা শিক্ষা অফিসের অনুমতি ছাড়াই মাঝের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মিমি রাখাইন এবং চর চান্দু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নাহিদা আক্তার সুমি বিদেশে অবস্থান করছেন। এ ছাড়া ইটবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাহমুদ আলম পলাশ এবং গোলবুনিয়া-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. জহিরুল ইসলাম দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকলেও তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

উপজেলা শিক্ষা অফিসের হাজিরা খাতা পর্যালোচনায় দেখা যায়, ২০২৬ সালের মে মাসে শিক্ষা কর্মকর্তা শাহিদা বেগম ১৪ তারিখ পর্যন্ত মাত্র একদিন স্বাক্ষর করেছেন। আবার ২৩ জুন কর্মকর্তাদের স্বাক্ষরের ঘর ফাঁকা থাকলেও পরদিন এসে একদিনে স্বাক্ষর আপডেট করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির একাংশের সভাপতি মো. শাহাবুদ্দিন তালুকদার বলেন, বর্তমানে অফিসের সঙ্গে তার যোগাযোগ কম। তবে শিক্ষকদের কাছ থেকে বিভিন্ন অভিযোগ শুনে থাকেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. মিজানুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, কোনো শিক্ষকের কাছ থেকে তিনি অনৈতিক সুবিধা নেননি এবং উন্নয়ন বরাদ্দে কমিশন নেওয়ার বিষয়েও তার জানা নেই।

অভিযোগের বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিদা বেগম বলেন, ক্ষুদ্র মেরামত, স্লিপ, ‘ইমার্জেন্সি ইন এডুকেশন’ এবং নির্বাচনী কেন্দ্র সংস্কারের কাজ সঠিকভাবে হয়েছে কি না, তা আগে খোঁজ নিয়ে তারপর তিনি এ বিষয়ে মন্তব্য করবেন। তিনি আরও দাবি করেন, অধিকাংশ ডেপুটেশন আগের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সময়ে হয়েছে। তার সময়ে মাত্র দু-একটি ডেপুটেশন হয়েছে, তাও জনপ্রতিনিধিদের সুপারিশে। তিনি বলেন, “আমার অফিস কারও কাছ থেকে এক কাপ চাও খায়নি।”

জেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ করিম বলেন, বিষয়টি তার জানা ছিল না। অভিযোগের সত্যতা যাচাই করতে তিনি আকস্মিকভাবে কলাপাড়া উপজেলা পরিদর্শন করবেন। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, মাত্র দুজন শিক্ষক দিয়ে পরিচালিত বিদ্যালয়গুলোর তথ্য পেলে সেখানে দ্রুত শিক্ষক সংযুক্তির ব্যবস্থা করা হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী