জয়পুরহাট-২ আসনের কালাই উপজেলায় ব্যালট পেপার ফটোকপি করে প্রার্থীদের কর্মীদের মধ্যে বিতরণের অভিযোগে একটি ফটোকপি দোকানের মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বুধবার সন্ধ্যায় উপজেলার মাত্রাই বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাত্রাই বাজারের একটি ফটোকপি দোকানের মালিক নির্মল চন্দ্র সরকার (৫১) এবং তার দুই কর্মচারী জহুরুল ইসলাম (২৬) ও মোস্তাফিজুর রহমান (৩০)। বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে একটি দোকানে মূল ব্যালট পেপার সংগ্রহ করে সেগুলোর ফটোকপি করা হচ্ছে এবং পরে তা জামায়াত ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে বিতরণ করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে প্রথমে সেনাবাহিনীর সদস্যরা দোকানটিতে অভিযান চালান। পরে পুলিশ সেখানে গিয়ে তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি ফটোকপি করা ব্যালট পেপার জব্দ করে।
আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদে দোকান মালিক নির্মল চন্দ্র সরকার জানান, তিনি মোট ২৭২টি ব্যালট পেপারের ফটোকপি করেছেন। এরপর তাকে ও তার দুই কর্মচারীকে আটক করে থানায় নেওয়া হয়।
অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রার্থীর কর্মী দাবি করেন, ভোটাররা যাতে ভোট দেওয়ার সময় ভুল না করেন বা ব্যালট নষ্ট না হয়, সে উদ্দেশ্যে নমুনা হিসেবে এসব ফটোকপি বিতরণ করা হচ্ছিল। তাদের মতে, এতে দোকান মালিকের সরাসরি দায় থাকার কথা নয়। তবে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টিকে নির্বাচনকালীন একটি স্পর্শকাতর অপরাধ হিসেবে বিবেচনা করছে।
কালাই থানার ওসি রফিকুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।