জুলাই–আগস্ট আন্দোলনে নিহত এবং রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার কবরস্থানে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের মরদেহ উত্তোলনের প্রক্রিয়া রোববার (৭ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে। শহীদদের ডিএনএ নমুনা সংগ্রহে ওই দিন থেকে কাজ শুরু করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
ফরেনসিক বিশেষজ্ঞ ডা. লুইস ফন্ডেব্রিডার, সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে উত্তোলন কাজ শুরু হবে। এর আগে গত ২ ডিসেম্বর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে অজ্ঞাত শহীদদের কবর পরিদর্শন করেন সিআইডির কর্মকর্তারা।
৪ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পুলিশের আবেদনের ভিত্তিতে মরদেহ উত্তোলনের নির্দেশ দেন। আবেদনটি করেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মাহিদুল ইসলাম। আবেদনে উল্লেখ করা হয়, কোটা সংস্কার আন্দোলন থেকে জন্ম নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন বয়সের নারী–পুরুষ জীবন দিয়েছেন।
সিআইডির ফরেনসিক ইউনিট জানিয়েছে, রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে অস্থায়ী তাবু স্থাপন করা হয়েছে। সেখানে মরদেহ উত্তোলনের পর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হবে। এই তাবুতেই ময়নাতদন্ত করা হবে এবং পরবর্তীতে মরদেহ যথাযথ নিয়মে পুনরায় দাফন করা হবে।