আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় নির্বাচনী জোটে যোগ দিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। এতে ১০ দলীয় জোটটি এখন ১১ দলীয় জোটে রূপ নিয়েছে।
শনিবার সন্ধ্যায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে এবং সারা দেশে প্রার্থীরা ইতোমধ্যে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে ১০ দলীয় জোটের সঙ্গে আরও একটি রাজনৈতিক দল একাত্মতা ঘোষণা করেছে। সেটি হলো বাংলাদেশ লেবার পার্টি। এর মাধ্যমে ১০ দলীয় জোট এখন ১১ দলীয় জোটে পরিণত হলো।
এ সময় বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মুস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা ১১ দলীয় জোটে যুক্ত হয়েছি। আমরা একটি অর্থবহ পরিবর্তন চাই—যে পরিবর্তনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে। আজ থেকে আমরা নতুনভাবে পথচলা শুরু করলাম।’